পটিয়ায় বিপ্লবী বিনোদ বিহারীর সঞ্চরণসভা অনুষ্ঠিত
বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর স্মরণে গতকাল শুক্রবার চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বিপ্লবী বিনোদ বিহারী ছিলেন চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম সেনানি। তিনি প্রীতিলতা ট্রাস্টেরও প্রধান ছিলেন। ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে এবং শিক্ষক প্রবোধ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষক মালেকা বেগম। বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালামত উল্লাহ।সভায় প্রধান অতিথি মালেকা বেগম বলেন, সমাজ থেকে নারী-পুরুষের বৈষম্য দূর করতে না পারলে এবং নারীদের ওপর পারিবারিক সহিংসতা বন্ধ করতে না পারলে সমাজের ইতিবাচক পরিবর্তন হবে না। মালেকা বেগম বলেন, শ্রেণীবৈষম্য দূর করার জন্য বিনোদবিহারী চৌধুরী আজীবন সংগ্রাম করে গেছেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পটিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হারুনর রশিদ ছিদ্দিকী, ট্রাস্টের সভাপতি অরুণ বিকাশ চৌধুরী, সাবেক ছাত্রনেতা তাপস দে, ইউপি সদস্য রণধীর চক্রবর্তী, বিশ্বজিৎ দেব প্রমুখ। সভার শুরুতে বিপ্লবী বিনোদবিহারীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।