পটিয়ায় বিহার ও মন্দিরে হামলার ঘটনায় ৩ মামলা
চট্টগ্রামের পটিয়ায় গত রোববার বৌদ্ধবিহার ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুরের ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত পটিয়া থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।মামলায় কোলাগাঁও তালুকদার বাড়ির একটি পারিবারিক সনাতনি শিবমন্দির ভাঙচুরের কথাও উল্লেখ করা হয়। এদিকে রোববার সন্ধ্যা ও রাতে গ্রেপ্তার হওয়া ২৫ জনের জামিন নামঞ্জুর হয়েছে। গতকাল সোমবার তাঁদের আদালতে হাজির করা হলে চট্টগ্রামের বিচারিক হাকিম জামিন নামঞ্জুর করেন।রোববার রাতে আসামিদের থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু লোক মিছিল নিয়ে বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। রোববার রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে পুলিশের পক্ষ থেকে ২০০টি গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে জানা গেছে।রোববারের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার একটি করেছেন ক্ষতিগ্রস্ত রত্নাঙ্কুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু। এতে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। অন্য দুটি মামলার বাদী পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন ও জাকির হোসেন। এই দুটি মামলার প্রতিটিতে ৩৭ জন ছাড়াও অজ্ঞাতনামা দেড় থেকে দুই হাজার জনকে আসামি করা হয়।জানা গেছে, বৌদ্ধবিহার ও মন্দির ভাঙচুরের ঘটনায় বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন গত রোববার রাত থেকে তাঁদের বিহার ও মন্দিরগুলো পাহারা দিচ্ছেন।এদিকে, রোববারের ঘটনার পর ওয়েস্টার্ন মেরিনের ২ নম্বর ইউনিট সম্পূর্ণ চালু থাকলেও অন্য ইউনিটটিতে কাজ হয়েছে কম। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের কারিগরি পরিচালক আরিফুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘রোববার অনেক রাত পর্যন্ত আমরা কারখানায় ছিলাম। রাত দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হওয়ার পর বাসায় ফিরি। সবাই ক্লান্ত। তাই আজ (সোমবার) একটি ইউনিটে জরুরি কিছু কাজ হয়েছে। তবে কাল (মঙ্গলবার) থেকে পুরোদমে কারখানা চালু হবে।’আরিফুর রহমান আরও বলেন, ‘হামলার ঘটনায় আমাদের মুষ্টিমেয় ৮০-৯০ জন শ্রমিক জড়িত থাকতে পারে। আমরা ইতিমধ্যে যাঁদের শনাক্ত করেছি, তাঁদের বিরুদ্ধে আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর আইনের বিষয়টা পুলিশ দেখবে।’