পটিয়ায় বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ার চরকানাই এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন মোস্তফা পেপার কমপ্লেক্স নামের একটি কাগজ উৎপাদন কারখানার শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকালে প্রায় সোয়া এক ঘন্টা কারখানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তাঁরা শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বোঝানোর পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
মোস্তফা গ্রুপের আন্দোলনরত শ্রমিকেরা জানান, চার শ শ্রমিকের গত জুন ও জুলাই মাসের বেতন এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। চলতি মাসের ৭ তারিখে তাঁদের বকেয়া বেতন দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু বেতন পরিশোধের আগেই গত রোববার কারখানা কর্তৃপক্ষ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। পরদিন সোমবার বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন। বেতন পরিশোধের আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন।
গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অন্তত দেড় শ শ্রমিক সড়ক অবরোধ করে আছেন। এতে দুপাশেই যানবাহনের দীর্ঘ সারি আটকা পড়ে রয়েছে। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে হাঁটা শুরু করেন। অবরোধকারীরা কোনো ভাঙচুর করেননি।
শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ও চট্টগ্রামের শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তখন শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে কারখানার প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ এবং প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার দাবি জানান। পরে পুলিশ কর্মকর্তারা আন্দোলনরত শ্রমিকদের উপস্থিতিতে কারখানার চেয়ারম্যান হেফাজেতুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।
পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, চলতি মাসের ১৬ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, কয়েক দিনের মধ্যে মালিক, প্রশাসন ও শ্রমিকের সঙ্গে বৈঠক করা হবে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) জহিরুল ইসলাম বলেন, গত জানুয়ারি মাস থেকে কারখানার উৎপানের জন্য যে কাঁচামাল প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। এ কারণে উৎপাদন কমে যাওয়ায় যথাসময়ে কর্তৃপক্ষ বেতন দিতে পারছে না।