পটিয়ায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে পাঁচ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় গতকাল শুক্রবার প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে শ্রীমতী খালের বেড়িবাঁধের একাধিক স্থান ভেঙে ভাটিখাইন ও ছনহরা ইউনিয়নে পাঁচ গ্রাম তলিয়ে গেছে৷ এর ফলে পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
এ ছাড়া ভাটিখাইন ও উত্তর ছনহরা গ্রামের চারটি স্থানের সড়ক ভেঙে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে অন্তত দুই শতাধিক মৎস্য পুকুর ও কয়েক হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে বলে এলাকাবাসী জানান।
সরেজমিনে দেখা গেছে, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভাটিখাইন ইউনিয়নের নুরুল আলম, সুরুজ মিয়া, সিরাজ মিয়া, ছনহরা গ্রামের আবদুল করিম, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ আলমের বসতঘর ভেঙে পানিতে তলিয়ে গেছে।
ছনহরা গ্রামের পরিমল দে বলেন, তাঁর ছয়টি মৎস্য পুকুর পানিতে তলিয়ে যাওয়ায় ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে।
মঞ্জুর আলম জানান, তাঁর তিন কানি খেতের ফসল তলিয়ে গেছে।
ভাটিখাইন গ্রামের নুরুল আলমের স্ত্রী রওশন আক্তার বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় তার সেমিপাকা ঘরটি ভেঙে গেছে৷
ভাটিখাইন ইউনিয়নের চেয়ারম্যান মাহবুল আলম বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে গত দেড় মাস আগে একটি প্যাকেজের আওতায় চার কোটি ৭৪ লাখ টাকায় চার ইউনিয়নে সাড়ে সাত কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বেড়িবাঁধ নির্মাণ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রীমতী খালের বিভিন্ন স্থানে আড়াআড়ি বাঁধ দিয়েছিল। কিন্তু পরে তা সরিয়ে না নেওয়ায় পানি বেড়ে জলোচ্ছ্বাসে রূপ নেয়। যার কারণে ভাটিখাইন ও ছনহরা এলাকার চারটি স্থানের প্রায় ৩২০ ফুট বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম তলিয়ে গেছে৷
ছনহরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, ছনহরা ইউনিয়নের অংশে প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যায়। এ কারণেই কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে৷ এতে অন্তত এক কিলোমিটারের বেশি ‘মেকাডাম’ করা সড়ক ভেঙে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন বলেন, ‘গতকাল বিকেলে ভাঙন এলাকা পরিদর্শন করেছি৷ পাঁচ গ্রামের অংশবিশেষ তলিয়ে গেছে৷ ভাটিখাইন ইউনিয়নের ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে৷ এ ব্যাপারে পাউবোকে বেড়িবাঁধ নির্মাণের জন্য নির্দেশ দিয়েছি৷’