পটিয়ায় ব্যবসায়ীকে পেটানোর পর হাসপাতালে মৃত্যু
চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুর্বৃত্তদের লাঠির আঘাতে হারুন-অর-রশিদ (২২) নামের এক মুদি দোকানি নিহত হয়েছেন। গত বুধবার (ঈদের দিন) সন্ধ্যায় কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া গ্রামে তাঁকে পিটিয়ে আহত করা হয়। পরের দিন ভোরে তিনি মারা যান।ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রহিম (২২), মহিউদ্দিন (২৮) ও এখলাছুর রহমান (৪৫) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদের দিন দুপুরে ইন্নারপাড়ায় হারুন-অর-রশিদের মুদি দোকানে স্থানীয় বাসিন্দা মো. রহিম একটি মুঠোফোন চার্জ দিতে দেন। বেলা একটায় তা খুঁজে না পাওয়ায় রহিমের সঙ্গে হারুন-অর-রশিদের বাগিবতণ্ডা হয়। পরে সন্ধ্যায় রহিম পাঁচ-ছয়জন সহযোগীকে নিয়ে দোকানে এসে হারুনকে বেদম পেটাতে থাকে। লাটির আঘাতে হারুনের মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎকেরা সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে ভর্তির পর বৃহস্পতিবার সকাল সাতটায় হারুন মারা যান।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর প্রথম আলোকে বলেন, হারুনের ছোট ভাই মোহাম্মদ মানিক ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।