চট্টগ্রামের পশ্চিম পটিয়ার ফকিরনির হাট এলাকায় মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মসজিদের কর্তৃত্ব নিয়ে গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পশ্চিম পটিয়ায় এ সংঘর্ষ হয়। এ সময় ১০টি দোকান ও সাত-আটটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় পাঁচটি বাস ও অটোরিকশা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর) কুসম দেওয়ান প্রথম আলোকে বলেন, মসজিদে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে জুলদা ইউনিয়ন ও বড় উঠান ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষ ভাঙচুরে লিপ্ত হয়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ফকিরনির হাট এলাকার একটি পুরোনো মসজিদের কর্তৃত্ব নিয়ে বড় উঠান ও জুলদা ইউনিয়নের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বড় উঠানের বাসিন্দারা মসজিদটির নাম বায়তুল ইকরাম মসজিদ আর জুলদার লোকজন জাফর আলী মুন্সির জামে মসজিদ বলে দাবি করছিলেন। বড় উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন ও জুলদা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম নিজ নিজ ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।দুই পক্ষের বিরোধ নিরসনে গত মাসে মসজিদে জিয়া উদ্দিন নামে নতুন একজন ইমাম নিয়োগ দেওয়া হয়। ওই ইমামকে বড় উঠানের লোকজন জুলদার পক্ষের বলে অভিযোগ করেন। দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে কিছু দিন ধরে জুমার নামাজের সময় মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। গতকালও প্রায় ১০ জন পুলিশ মোতায়েন ছিল। গতকাল দুই ইউপি চেয়ারম্যান ওই মসজিদে নামাজ পড়েন। নামাজ শেষ হওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। তারা একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের দোকান ও বাড়িঘরে আগুন দেয় ও ভাঙচুর করে।দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের নিক্ষিপ্ত ইটপাটকেলে তিন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের কারণে আনোয়ারা পিএবি সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।সংঘর্ষের জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছে। জুলদা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম দাবি করেন, ‘নামাজ শেষ হওয়ার পর বড় উঠানের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। তারা আমাদের লোকজনকে মারধর করে। একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়।’ তবে বড় উঠান ইউপির চেয়ারম্যান আমজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জুলদার লোকজন আমাদের মারধর করে। তারা আমার ইউনিয়নের লোকজনের দোকানে আগুন ধরিয়ে দেয়।’ তিনি দাবি করেন, ওই মসজিদের নাম বায়তুল ইকরাম।জানা গেছে, আগুনে শাহ মিরপুর এলাকার মো. জসিম, আফসার উদ্দিন, নাসির, হাসান, দিলওয়ারা বেগম, হাসিনা বেগম ও শফির ঘর পুড়ে গেছে। দিলওয়ারা দাবি করেন, ‘আমার ঘরে সাত ভরি স্বর্ণ, ফার্নিচার ও নগদ টাকা ছিল। আগুনে সব পুড়ে গেছে। কয়েকজন যুবক এ সময় ঘরে ঢুকে আমাকে ও আমার মেয়েকে মারধর করে।’ সংঘর্ষের পর প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।