পটিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ
চট্টগ্রামের পটিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। গত রোববার উপজেলার উত্তর ছনহরা গ্রামে এ ঘটনা ঘটে।এদিকে, গতকাল সোমবার ওই ছেলেকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেনের কাছে হাজির করা হলে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। মাদকাসক্ত ছেলেটির পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যার পর গ্রামের আবুল বশরের পুত্র আবুল কালাম (২১) মদ খেয়ে ঘরে ঢুকে রামদা দিয়ে বাবা-মা ও ভাই-বোনদের ওপর চড়াও হয়। তাৎক্ষণিকভাবে আবুল বশর থানায় খবর দেন। পরে পুলিশ এসে আবুল কালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আবুল বশর বলেন, ‘আবুল কালাম মাদক ব্যবসা ও জুয়া খেলায় জড়িত ছিল। প্রায়ই সে মদ খেয়ে পরিবারের সদস্য এবং এলাকার লোকজনকে নাজেহাল করত। নিরুপায় হয়ে তাকে পুলিশে দিয়েছি।’ পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমাম হোসেন আবুল কালামকে চার মাসের কারাদণ্ড দেওয়ার কথা নিশ্চিত করেন।