পটিয়ায় মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি
চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি এখনো মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। সম্ভাব্য তিন প্রার্থী মনোনয়ন দৌড়ে রয়েছেন। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন পটিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জেলা কমিটি সভা করার সময় পায়নি। তাই তৃণমূল পর্যায় থেকে মতামত নিয়ে দুজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।’
পটিয়া উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলার সহসভাপতি ইদ্রিচ মিয়া বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এখন পর্যন্ত কোনো সভা হয়নি। এমনকি সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনের মধ্যে কেউ আমাদের ডাকেননি। তবে কেন্দ্রীয় নেতা যাঁরা আমাদের কাছ থেকে মনোনয়নের ব্যাপারে মতামত নিয়েছেন, তাঁদের মতামত দিয়েছি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, প্রার্থী মনোনয়নে উপজেলার নয়, পৌরসভা কমিটির দায়িত্বই রয়েছে। যেহেতু পৌরসভা বিএনপির কোনো সভা হয়নি, তাই দলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে দুজনের নাম চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহানের কাছে পাঠানো হয়েছে। তিনি দুজনের নাম কেন্দ্রে পাঠিয়েছেন। কেন্দ্র থেকে দু-এক দিনের মধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তবে পটিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সওদাগর বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি প্রার্থীদের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে, তাই পৌরসভা কমিটির কোনো সভা হয়নি।