পটিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় গতকাল বুধবার দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শমসেদ কামাল (৩০) পটিয়া প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) শিক্ষক।দুপুর দুইটার দিকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে পিটিআইয়ের শিক্ষক উজ্জ্বল কুমার দেবসহ তিনজন আহত হন। উজ্জ্বলকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ও শমসেদ একই মোটরসাইকেলে ছিলেন। অপর মোটরসাইকেলের আরোহী আহত অপর দুইজনের নাম জানা যায়নি। শমসেদ চট্টগ্রাম নগরের পশ্চিম বাকলিয়ার মৃত নুরুল আলমের ছেলে।পুলিশ জানায়, পটিয়া থেকে দুটি মোটরসাইকেল হরতালের কারণে ফাঁকা রাস্তা পেয়ে দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিল। ভেল্লাপাড়া সেতুর ওপর এলে মোটরসাইকেল দুটি পাশাপাশি ধাক্কা খায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শমসেদকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আরিফ বলেন, ‘আমরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি আটক করেছি।’