চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়ায় বর্ধিত বাসভাড়া নিয়ে কিছুদিন ধরে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগিবতণ্ডা ও হাতাহাতি চলছে। এর প্রতিবাদে গতকাল রোববার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় থানা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করেছেন।জানা যায়, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার অজুহাতে এবং সরকারিভাবে বাসভাড়া বৃদ্ধির কথা বলে ১০ জানুয়ারি থেকে হঠাৎ করেই পটিয়া সড়কে বাসের মালিক ও শ্রমিকেরা বর্ধিত হারে ভাড়া আদায় করতে থাকেন। সড়কের বিভিন্ন স্থানে পাঁচটি কাউন্টার বসিয়ে টিকিট কেটে শুরু হয় যাত্রীদের গাড়িতে তোলা। পটিয়া থেকে নতুন ব্রিজ ২০ টাকার ভাড়া ২৫ টাকা এবং চট্টগ্রাম বাস টার্মিনাল পর্যন্ত ২৫ টাকার ভাড়া ৩০ টাকা করে নেওয়া শুরু হয়। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগিবতণ্ডা, হাতাহাতি ও মারামারি।এর প্রতিবাদে যাত্রীকল্যাণ সমিতির ব্যানারে পটিয়া থানার মোড়ে গতকাল রোববার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদসহ অন্য রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতারা। নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে অন্যায় ও অযৌক্তিকভাবে অতিরিক্ত বাসভাড়া আদায় করতে দেওয়া হবে না। তাঁরা জানান, পটিয়া থেকে যেসব গাড়ি ছাড়া হচ্ছে, সেসবের অধিকাংশেরই ফিটনেস নেই।যাত্রীকল্যাণ পরিষদের নেতারা বলেন, ইতিপূর্বে সরকারিভাবে নির্ধারিত বাসভাড়া নিয়ে বিতর্ক দেখা দিলে বাসমালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর মধ্যস্থতায় ত্রিপক্ষীয় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি না করে ১০ মিনিট পর পর পটিয়া থেকে চট্টগ্রামে বাস ছাড়া, পটিয়া থেকে রাত সাড়ে আটটা ও চট্টগ্রাম থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বাস চালুর ব্যবস্থা রাখা, বৃহস্পতি ও রোববার গাড়ির কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের জিম্মি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া, রিজার্ভের নামে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না—এমন আটটি শর্তে পটিয়া থেকে নতুন ব্রিজ ২০ টাকা এবং চট্টগ্রাম বাস টার্মিনাল পর্যন্ত ২৫ টাকা নির্ধারণ করে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।চট্টগ্রাম জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারিভাবে নির্ধারিত হারে ভাড়া নিচ্ছি। তার পরও সরকারি নিয়মের বাইরে পটিয়া থেকে পাঁচ টাকা কম ভাড়া আদায় করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যাত্রীকল্যাণ সমিতি তো কোনো রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন নয়। তাই তাদের সঙ্গে আমরা বৈঠক করতে পারি না। প্রয়োজনে তারা সরকারের সঙ্গে বৈঠক করুক।’