পটিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, ধনা সেন (২৬) নামের ওই ব্যক্তিকে হত্যার পর জোর করে তাঁর লাশ দাহ করা হয়। উপজেলার কেলিশহর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য শ্যামল দেকে পুলিশ আটক করেছে।
ধনা সেনের বাড়ি কেলিশহর ইউনিয়নের সেনপাড়া গ্রামে।
ধনা সেনের মা বিনা সেন (৭০) প্রথম আলোকে বলেন, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে পাশের বাড়ির বিপুল সেন, শিমুল দেসহ কয়েকজন যুবক তাঁর ছেলে ধনা সেনকে ঘর থেকে ডেকে নিয়ে যান। ঘণ্টাখানেক পর ছেলে ঘরে এসে তাঁকে জানান, তাঁরা তাঁকে মারধর করেছেন। রাত আড়াইটার দিকে ওই যুবকেরা আবার তাঁর ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে যান।
বিনা সেন আরও বলেন, গতকাল মঙ্গলবার ভোরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়ির সামনে পুকুরপাড়ে গিয়ে দেখেন, একটি গাছের সঙ্গে তাঁর ছেলের লাশ ঝোলানো। এ সময় তিনি লাশটি নিতে গেলে সেখান থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। পরে বাড়ির পুকুরপাড়ে ইউপি সদস্য শ্যামল দেসহ কিছু লোক জোর করে তাঁর ছেলের লাশ দাহ করেন। এ সময় তাঁকেও কাছে যেতে দেওয়া হয়নি।
বিনা সেন বলেন, এলাকার সাজু দের সঙ্গে তাঁর ছেলের বিরোধ ছিল। এর জের ধরে তাঁর ছেলেকে হত্যা করে লাশ দাহ করে ফেলা হয়েছে।
ধনার ভগ্নিপতি রাজু কর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, ইউপি সদস্য শ্যামল দেসহ প্রায় ২০ জন মিলে পুকুরপাড়ে আমার শ্যালকের লাশ দাহ করার যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। এ সময় লাশটি দাহ না করার জন্য তাদের অনুরোধ করলেও আমার অনুরোধ রাখা হয়নি। পরে পুলিশকে খবর দিই।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ প্রথম আলোকে বলেন, ওই যুবককে হত্যা করে কাউকে না জানিয়ে লাশ দাহ করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য শ্যামল দেকে আটক করা হয়েছে। যে গাছের সঙ্গে বেঁধে ধনা সেনকে মারধর করা হয়েছে, সেই গাছটিও তাঁরা কেটে ফেলেছেন। কাটা গাছটি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।