পটিয়ায় লাথিতে মৃত সন্তান প্রসবের অভিযোগ অসত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার বড়উঠান ইউনিয়নে প্রতিপক্ষের লাথিতে এক নারী মৃত সন্তান প্রসব করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা অসত্য বলে দাবি করেছে এ ঘটনায় করা মামলার এক আসামির পরিবার।
গত বুধবার পশ্চিম পটিয়ার মইজ্জ্যারটেকের একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার আসামি মোহাম্মদ শাহজাহানের পরিবার এ দাবি করে।
গত ২৮ মে অনুষ্ঠিত পটিয়ার বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ শাহজাহান।
গত ২৭ মে এলাকার একটি বাড়িতে মোহাম্মদ শাহজাহান ও আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই বাড়ির লোকজন দিদারুল আলমের কর্মী-সমর্থক বলে পরিচিত। সংঘর্ষের সময় স্বামীকে বাঁচাতে গিয়ে মোহাম্মদ শাহজাহানের সমর্থকদের লাথিতে আহত হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ফাতেমা বেগম মৃত সন্তান প্রসব করেন বলে অভিযোগ ওঠে। ফাতেমার স্বামী আমির হোসেন দিদারুল আলমের সমর্থক।
২৯ মে আমির হোসেনের আত্মীয় মোহাম্মদ ওসমান হত্যা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এতে ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ শাহজাহানসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় ৫০-৬০ জনকে।
গত বুধবার শাহজাহানের পরিবারের আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ২৭ মে সকালে তিন সন্তানের জননী ছয় মাসের অন্তঃসত্ত্বা ফাতেমা বেগমের প্রসববেদনা ওঠে। অর্থাভাবে ফাতেমাকে হাসপাতালে নিতে পারেনি তাঁর পরিবার। পরে বেলা আড়াইটায় ফাতেমা বাড়িতে একটি মৃত কন্যাসন্তান প্রসব করেন। ওই সময়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে ফাতেমার স্বামী আমির হোসেন আহত হন। এরপর ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য লাথিতে সন্তান প্রসবের গুজব ছড়িয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহজাহানের মা জোহরা বেগম, বোন আমেনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ার উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফাতেমার স্বামী আমির হোসেন বলেন, তাদের (শাহজাহানের পরিবার) অভিযোগ মিথ্যা। তাদের হামলায় ফাতেমা মৃত সন্তান প্রসব করেছেন।