পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) বেশ কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন। পাশাপাশি সরকারদলীয় প্রার্থীদের কাছ থেকেও হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন তাঁরা। ইউিপ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই এভাবে আক্রান্ত হচ্ছেন বলে দাবি করেন তাঁরা। ১৭ মে দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা সমন্বয় সভায় তাঁরা এই অভিযোগ করেন।
পটিয়া উপজেলায় ইউিপ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ২৮ মে পটিয়া উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখেই মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক, পটিয়ার ইউএনও ও পুলিশ কর্মকর্তাদের সামনেই বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা পুলিশি হয়রানির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি প্রতিনিয়ত সরকারদলীয় প্রার্থীদের কাছ থেকে হুমকি পাওয়ার বিষয়েও অভিযোগ করেন তাঁরা।
ছনহরা ইউপির বিএনপির দলীয় প্রার্থী আবদুর রশিদ বলেন, ‘একসঙ্গে আমাদের পাঁচ থেকে ছয়জন লোক বসতে পারছে না। প্রতিনিয়ত পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে। উঠান বৈঠক করতে না পারলে কীভাবে নির্বাচন করব? পরিস্থিতি এমন যে, এজেন্ট পর্যন্ত ঠিক করতে পারছি না। এভাবে হলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হব।’
হাইদগাঁও ইউিপর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরুদ্দিন মোহাম্মদ জসিম বলেন, ‘আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমাকে ও আমার সমর্থকদের হুমকি দিচ্ছেন।’
হাবিলাসদ্বীপ ইউিপর বিএনপির দলীয় প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার সমর্থকদের মারধর করছে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী। এলাকায় কোনো পোস্টার সাঁটানো যাচ্ছে না। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’
তবে সভায় আওয়ামী লীগদলীয় কয়েকজন প্রার্থীও বিভিন্ন অভিযোগ তোলেন। এর মধ্যে আশিয়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাসেমের অভিযোগটি ছিল পটিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। হাসেম বলেন, বিএনপির দলীয় উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে তাঁর ভাইয়ের পক্ষে কাজ করছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি।
তবে বড় উঠান ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দিদারুলআলম তাঁর দলের কিছু কর্মীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমার এলাকায় কোনো পোস্টার, ব্যানার সাঁটাতে পারছি না। আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী আমার বিরুদ্ধে কাজ করছেন।’
এসব অভিযোগ শোনার পর নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন ভোট যেন অবাধ ও সুষ্ঠু হয়। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রশাসন তৎপর রয়েছে। জাল ভোট বা কেন্দ্র দখলের মতো কোনো ঘটনার কথা জানা গেলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে পটিয়ার ইউএনও আবুল হাশেম ২০ মে প্রথম আলোকে জানান, হাইদগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরুদ্দিন মোহাম্মদ জসিম পুলিশি হয়রানির বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসক দেখছেন। তবে এখন পুলিশ কোনো প্রার্থী বা প্রার্থীর সমর্থককে হয়রানি করেছে বলে অভিযোগ পাইনি।