চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে যতটা উত্তেজনা ছিল, ততটা অনাগ্রহ ছিল সাধারণ মানুষের। ফলে ভোটকেন্দ্রে দিনভর ভোটার উপস্থিতি ছিল কম। এই পরিস্থিতিতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মূলত শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
দু-একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সকাল সাড়ে নয়টার দিকে জিরি মাদ্রাসা কেন্দ্রে কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর এক সমর্থককে মাদ্রাসার ভেতরে নিয়ে মারধর করেন। পরে আওয়ামী লীগের সমর্থকেরা গিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, কয়েকজন ব্যক্তি কেন্দ্রের প্রবেশমুখে দাঁড়িয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছিলেন। আওয়ামী লীগের কয়েকজন সমর্থক তাঁদের বারণ করলে এ ঘটনার সূত্রপাত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, সামান্য ঘটনা থেকে বিরোধের সূত্রপাত। তবে ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি।
কচুয়াই ইউনিয়নের সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সোয়া ১২টার দিকে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়। এতে একজনের মাথা ফেটে যায়।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, চেয়ারম্যান প্রার্থী তিমির বরণ চৌধুরী ও মোজাফ্ফর আহমেদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তিনি জানান, তবে এতে ভোটদান ব্যাহত হয়নি।
দক্ষিণ কেলিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও তিমির ও নাছির উদ্দিনের সমর্থকদের মধ্যে সকাল ১০টার দিকে উত্তেজনা দেখা দেয়।
ভোটার উপস্থিতি কম: হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১৭৮টি। এখানে মোট ভোটার দুই হাজার ছয়জন। এ জে চৌধুরী কলেজ কেন্দ্রে সকাল সাড়ে আটটা পর্যন্ত ভোট পড়ে ১৫টি। কোনো কেন্দ্রে ভোটারের তেমন কোনো সারি চোখে পড়েনি। শোভনদণ্ডী আলফা করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীকে পাওয়া যায়। ভোটার উপস্থিতি দেখে তিনিও হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রার্থীরা কেন্দ্রে ভোটার আনতে পারেননি। অনেক প্রার্থীর জনপ্রিয়তারও ঘাটতি রয়েছে। তাই ভোটার উপস্থিতি কম হয়েছে।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ‘সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য এত প্রস্তুতি নিলাম। কিন্তু ভোটার এল না।’
অনুসন্ধানে ভোটার কম হওয়ার একাধিক কারণ বের হয়ে এসেছে। শহরতলিতে অবস্থিত পটিয়া উপজেলার অনেক মানুষ শহরে বসবাস করেন। আবার অনেকে পটিয়া থেকে গিয়ে শহরে চাকরি করেন। সরকারি ছুটি না থাকায় এসব ভোটার ভোট দিতে যাননি।
এ ছাড়া সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মানুষের মধ্যে হতাশা রয়েছে বলে জানান একাধিক প্রার্থী।
সনাতন ধর্মাবলম্বীদের শিবব্রত উৎসবের কারণেও ভোটার উপস্থিতি কম হয়েছে বলে জানালেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাজেদা বেগম। তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের নারীরা তাঁদের ব্রত উপলক্ষে আজ (বৃহস্পতিবার) উপবাস করছেন। তাঁদের অনেকে ক্লান্ত থাকায় ভোটকেন্দ্রে আসেননি।’
প্রসঙ্গত, পটিয়ায় মোট ভোটারের ৭৭ হাজার হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী। পটিয়ায় মোট ভোটার তিন লাখ ৪৬ হাজার ৪৭৮ জন।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্যানেলভুক্ত বিএনপি: বিএনপি পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের তিনটি পদে প্যানেলভুক্ত হয়ে লড়েছে। চেয়ারম্যান পদে বিএনপির মোজাফ্ফর আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা বেগমের পক্ষে বিভিন্ন কেন্দ্রে সমর্থকদের কাজ করতে দেখা গেছে।
সেভাবে তৎপর ছিল না আওয়ামী লীগ। তার ওপর চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নাছির আহমদের পাশাপাশি ‘বিদ্রোহী’ হিসেবে নির্বাচন করেন তিমির বরণ চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাজেদা বেগম ও বানাজা বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন।