পটিয়ায় সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমতী খালের অস্থায়ী বাঁধ অপসারণ করা নিয়ে গতকাল সোমবার কচুয়াই ও ভাটিখাইন ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। জানা যায়, দুই মাস আগে শ্রীমতী খালে কচুয়াই ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষকেরা অস্থায়ী বাঁধ দিয়ে শীতকালীন ফসল চাষাবাদ করছিলেন। এদিকে, এ বাঁধের ফলে ভাটিখাইন ও ছনহরা গ্রামের কৃষকেরা পানিবঞ্চিত হয়ে পড়েন। ভাটিখাইন গ্রামের আবদুস শুক্কুর বাঁধ অপসারণ চেয়ে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। শুনানি শেষে আদালত ৮ ফেব্রুয়ারি বাঁধ অপসারণের জন্য পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আদেশ বাস্তবায়ন না হওয়ায় বাদী বিষয়টি নজরে আনলে আদালত রোববার বাঁধটি ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন। গতকাল দুপুরে পটিয়া থানার পুলিশ বাঁধ অপসারণ করতে গেলে কচুয়াই গ্রামবাসীর বাধার মুখে পড়ে। ভাটিখাইন গ্রামের কয়েক শ লোক ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বাঁধ অপসারণ করা হয়।