পটিয়ায় সংঘর্ষে সদস্য প্রার্থীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালট ছিনতাই, ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক সিল মারা, সংঘর্ষ এবং সরকার-সমর্থক প্রার্থীদের প্রভাব বিস্তারের মধ্যে দিয়ে গতকাল শনিবার চট্টগ্রামের পটিয়ার ২১টি ও চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংঘর্ষে পটিয়ায় এক সদস্য পদপ্রার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন।
দুটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের চেয়ারম্যান প্রার্থীর ব্যালটটি না দেওয়ার অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগে পটিয়ায় চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট কেড়ে নিয়ে বাথরুমে ঢুকে সিল মারার সময় পটিয়ার চর পাথরঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছাবের আহমদ এবং প্রভাব বিস্তারের অভিযোগে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদকে আটক করা হয়েছে।
বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম ও বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো. ইয়াছিনকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান অভিযোগ করেছেন, দিদারুল আলমের লোকজন ইয়াছিনকে কুপিয়েছে। তবে এ বিষয়ে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও দিদারুল আলম ফোন ধরেননি।
ইয়াছিনের প্রতিবেশী মোহাম্মদ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় ইয়াছিনকে ধারালো অস্ত্র দিয়ে পেট, বুক ও মাথায় কোপানো হয়। তাঁকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
শাহ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুপুরে ওই সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রিকশাচালক মোহাম্মদ হোসেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
গতকাল দুপুর ১২টার দিকে পটিয়ার আশিয়া ইউনিয়নের আছদ আলী ফকির মাজারসংলগ্ন শাহ আমানত হেফজখানা ও এতিমখানা কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষের সময় বাবুল শীল (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর ছেলে জিতেন্দ্র শীল বলেন, ‘আমার বাবা ইউপি সদস্য সৈয়দ নুরুল করিমের পক্ষে কাজ করেছেন বলে তাঁকে মারধর করা হয়। আহত অবস্থায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
তবে পটিয়া স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দেব আরতি চৌধুরী বলেন, বাবুল শীলের শরীরে আঘাতের চিহ্ন পাইনি। তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।
বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একাধিক গুলিবিদ্ধও রয়েছেন।
সরেজমিন চিত্র: সকালে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পটিয়া ও চন্দনাইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দৃশ্যপট পাল্টে যায়।
আশিয়া ইউনিয়নের আছদ আলী ফকির মাজারসংলগ্ন শাহ আমানত হেফজখানা ও এতিমখানা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায় যে ভোটারের উপস্থিতি নেই, ফাঁকা। প্রিসাইডিং কর্মকর্তা বিপ্লব বড়ুয়া বলেন, দুপুর ১২টার দিকে কেন্দ্রের ভেতরে ও কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারপর ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চার রাউন্ড গুলি ছুড়ি। এ ছাড়া দুই পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। তারাও গুলি ছোড়ে।’
হাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন হঠাৎ সাধারণ ভোটারদের ধাওয়া করে। এ সময় কেন্দ্রের দরজা-জানালা ভাঙচুর করে জোরপূর্বক কেন্দ্র দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক। তিনি বলেন, ঝামেলার কারণে দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
হাইদগাঁও উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ১০টায় দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। বুথ থেকে বের হয়ে কয়েকজন ভোটার সাংবাদিকদের জানান, তাঁদের চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যালট দেওয়া হয়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেন প্রিসাইডিং কর্মকর্তা জামাল উদ্দিন।
কচুয়াই সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টার দিকে নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ২০০ ব্যালট পেপার ছিনতাই হয়। প্রিসাইডিং কর্মকর্তা সত্যরঞ্জন ধর বলেন, প্রায় ৪০ মিনিটের সংঘর্ষের পর ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ ছাড়া অনিয়মের কারণে জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চর পাথরঘাটা রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকেরা বেলা ১১টার পর থেকে কেন্দ্র দখল করতে শুরু করেন। তাঁরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধাদানসহ চেয়ারম্যানের ব্যালট দেননি।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার বলেন, ‘বিএনপি যে অভিযোগ করছে, এ রকম কিছু আমি দেখিনি। আপনারা দেখছেন, ভোট সুন্দর হচ্ছে। সুষ্ঠু হচ্ছে। আমাদের অনেক কর্মীও আহত হয়েছে।’
চন্দনাইশ: উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা সোয়া ১১টায় গিয়ে দেখা যায়, কিছু ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ২ নম্বর বুথে দেখা যায়, সাধারণ ভোটারদের কাছ থেকে চেয়ারম্যানের ব্যালটটি নিয়ে তাতে সিল মারছেন গলায় নৌকার পরিচয়পত্র ঝোলানো এক ব্যক্তি।
এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা সেবাশীষ বড়ুয়া বলেন, এ রকম তো হওয়ার কথা নয়।
হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় দেখা যায় একই চিত্র। কেন্দ্রের কক্ষের ভেতরে নৌকার লোকজনের ভিড়। সাধারণ ভোটারদের চেয়ারম্যানের ব্যালট দেওয়া হচ্ছে না। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা রাহুল চন্দ বলেন, এ রকম হওয়ার কথা নয়। ভোট সুষ্ঠু হচ্ছে।
প্রভাব বিস্তারের অভিযোগে বরমা চরশেবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদকে আটক করা হয় বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এ ছাড়া বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রে দুপুর ১২টার দিকে ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অজয় কুমার দাশ বলেন, কেন্দ্রটিতে একপক্ষ জোরপূর্বক ভোট দেয়। পরে কিছু ব্যালট বাতিল করা হয়।