পটিয়ায় সরকারি পাহাড়ে আবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া কেলিশহরের খিল্লাপাড়া এলাকায় সবুজ বনঘেরা প্রায় ১৫৬ একর পাহাড়ি জমি দখল করে আবাসন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘পটিয়া মডেল টাউন’ নাম দিয়ে তিন মাস ধরে পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে চলছে প্লট বিক্রি। ইতিমধ্যে হাজারখানেক প্লট বিক্রি করা হয়েছে। এভাবে সরকারি জায়গা বিক্রি প্রতারণামূলক বলে দাবি করেছেন স্থানীয় ভূমি কর্মকর্তারা। শামীম রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান এই আবাসন প্রকল্প গড়ে তুলছে বলে জানা গেছে। এই প্রতিষ্ঠানের মালিক মো. শামীমুজ্জামান।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পটিয়া পৌরসভা থেকে প্রায় সাত কিলোমিটার পূর্বদিকে কেলিশহর এলাকার খিল্লাপাড়া পাহাড়ের ওপর শামীম রিয়াল এস্টেটের প্রস্তাবিত পটিয়া মডেল টাউন আবাসন প্রকল্প। জানা গেছে, ২০০৬ সালে আদালতের আদেশে মাত্র ১৭৪ দশমিক ১২ শতক সরকারি খাসজমির মালিকানা পান জনৈক রাখাল চক্রবর্তী। পরে তিনি শামীম আবাসন প্রতিষ্ঠানের মালিক শামীমকে এই জায়গার পাওয়ার অব অ্যাটর্নি দেন। এরপর আবাসন প্রতিষ্ঠানটি প্লট বিক্রি শুরু করে। কিন্তু প্রতিষ্ঠানটি ১৭৪ শতকের মালিক হলেও বিলবোর্ডে প্রকল্পের আয়তন উল্লেখ করা হয়েছে ১৫৬ দশমিক ১২ একর। এসব জমি সরকারি খাস হিসেবে রেকর্ডভুক্ত। প্রকল্প এলাকার বিলবোর্ড জব্দ করা হলেও পৌরসভার সামনে এখনো প্রতিষ্ঠানটির একটি বিলবোর্ড আছে।পটিয়া মডেল টাউন আবাসন প্রকল্পে ছয় হাজার প্লট ছাড়াও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি কাঠা জমির দাম রাখা হচ্ছে ৩০ হাজার টাকা। এই দামে হিসাব করলে ওই জায়গার মূল্য দাঁড়ায় প্রায় ২৫ কোটি টাকা।স্থানীয় ভূমি অধিদপ্তর বলছে, প্রকল্পটি জালিয়াতির মাধ্যমে করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা ভূমি কার্যালয় শামীম রিয়েল এস্টেটের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। রিয়েল এস্টেটের টানানো সাইনবোর্ড জব্দ করেছে। জমির মালিক দাবিদার মো. শামীমের বিরুদ্ধে আদালতে যাচ্ছে ভূমি কার্যালয়। তারা প্রতিষ্ঠানটির প্রচারণায় বিভ্রান্ত না হতে জনসাধারণকে সতর্ক করছে। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. লোকমান বলেন, উপজেলা ভূমি কার্যালয়ের জিডির পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছে। পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবু হায়াত মোহাম্মদ রহমতউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘চটকদার বিজ্ঞাপন দিয়ে পটিয়া মডেল টাউনের নামে মানুষকে প্রতারিত করছে প্রতিষ্ঠানটি। কারণ ওই জমি শামীমের নয়, সরকারের। আদালত থেকে তাঁরা মাত্র ১৭৪ দশমিক ১২ শতক জমির একতরফা ডিক্রি পেয়েছেন। কিন্তু বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন ১৫৬ একর জমির। ১৭৪ শতক জমির ডিক্রি পেয়েছেন আবার একতরফা আদেশে। আমরা আপিলে গেলে তা খারিজ হয়ে যাবে।’এর আগে গত ২৭ জুলাই উপজেলার মাসিক সমন্বয় সভায় পটিয়া মডেল টাউনের জমি দখলের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরী এ ধরনের বিজ্ঞাপনে মানুষ যাতে প্রতারিত না হয়, সেদিকে খেয়াল রাখতে ভূমি কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি তিনি পটিয়া মডেল টাউনের কথিত মালিক শামীমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।জানা গেছে, শামীম রিয়েল এস্টেটের মালিক শামীমুজ্জামান প্রায় তিন মাস ধরে স্থানীয় পত্রিকা ও কেব্ল টিভি নেটওয়ার্কে ‘পটিয়া মডেল টাউন’ প্রকল্প নামে সুলভ মূল্যে সহজ কিস্তিতে প্লট বিক্রির বিজ্ঞাপন দিয়ে আসছেন। স্থানীয় ভূমি কার্যালয় নোটিশ দিয়ে শামীমকে প্রস্তাবিত প্রকল্প এলাকায় অনুপ্রবেশ না করার নির্দেশ দিয়েছে। বিষয়টি স্বীকার করে শামীম বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) জিডি করেছেন। আমাদের সাইনবোর্ড তুলে ফেলেছেন। কিন্তু আমরা আদালতের রায়ের মাধ্যমে এই জমি পেয়েছি।’অনুসন্ধানে জানা গেছে, পটিয়ার কেলিশহর এলাকার পাশে পাহাড় ও টিলায় স্থানীয় ভূমি দপ্তরের প্রায় পাঁচ হাজার হেক্টর খাসজমি আছে। রাখাল চক্রবর্তী নামে এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এখানকার ১৭৪ শতক জমির মালিক রাখাল বলে একতরফা একটি আদেশ দেন। ভূমির ক্ষেত্রে আদালতে অন্যপক্ষ দাবি নিয়ে না এলে একতরফা আদেশ দেওয়ার রেওয়াজ রয়েছে। ওই আদেশ পাওয়ার পর রাখাল চক্রবর্তী জমিটি নামজারির জন্য স্থানীয় ভূমি দপ্তরে না গিয়ে জমির আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দেন শামীমুজ্জামানকে। কিন্তু আমমোক্তারনামায় ১৭৪ শতক জমির জায়গায় কৌশলে উল্লেখ করা হয় ১৫৬ একর জমি। অথচ এগুলো এখনো সরকারি খাসজমি।পাওয়ার অব অ্যাটর্নি পেয়ে শামীম তাঁর স্ত্রী পারুল আক্তারের সঙ্গে ১৫৬ একর জমির একটি বায়নানামা করেন। এরপর প্লট বিক্রির বিজ্ঞাপন প্রচার করতে শুরু করেন তিনি। অথচ বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী নামজারি ছাড়া কেউ জমি বিক্রি বা হস্তান্তর করতে পারেন না। আদালতের আদেশের ব্যাপারে স্থানীয় ভূমি কার্যালয় ছিল অন্ধকারে। প্লট বিক্রির বিজ্ঞাপন দেখে ভূমি কার্যালয় বিষয়টি জানতে পারে।সহকারী কমিশনার রহমতউল্লাহ বলেন, ‘তাঁদের মামলার বিষয়ে আমরা জানতাম না। কেউ যদি রায় পান, তাহলে আমাদের কাছে নামজারির জন্য আসবেন। কিন্তু তাঁরা কেউ আসেননি।’ অভিযোগ প্রসঙ্গে শামীম বলেন, ‘আদালত থেকে আমরা যে ডিক্রি পেয়েছি, তাতে কিছুটা ছাপার ভুল রয়েছে। এটা আসলে ১৫৬ একর হবে।’ভিড় করছেন গ্রাহকেরা: বিজ্ঞাপন দেখে তিন মাস ধরে প্রায় প্রতিদিনই অন্তত ২০-৫০ জন লোক প্রস্তাবিত মডেল টাউনের জমি দেখার জন্য কিল্লাপাড়ায় ভিড় করছেন।মো. ফরিদ নামে এক গ্রাহক জানান, ‘আমি চার কাঠার ১০টি প্লট নেওয়ার পর প্রকল্প এলাকা দেখতে এসেছি। প্রতি কাঠার দাম রাখা হয়েছে ২৫ হাজার টাকা। কিন্তু এখন দেখি এখানে কিছুই হয়নি।’ প্রতারণার আরও অভিযোগ: শামীম পেশায় নিজেকে চিকিৎসক পরিচয় দেন। কিন্তু চিকিৎসায় তাঁর স্বীকৃত কোনো ডিগ্রি নেই। তিনি নগরের বন্দরটিলা এলাকায় হলি কেয়ার নার্সিং হোম নামে একটি ক্লিনিক চালান। ওই নার্সিং হোমে মূলত তিনি এবং তাঁর স্ত্রী পারুল আক্তার চিকিৎসা দেন। ২০০৮ সালের ৩ মার্চ তাঁদের নিয়ে প্রথম আলোয় ‘সনদবিহীন চিকিৎসক দম্পতি ও একটি ক্লিনিক’ শিরোনামে খবর প্রকাশিত হয়। ওই ক্লিনিকে বসে চলছে এখন প্লট বেচাকেনা।প্রায় এক বছর আগে শামীম পতেঙ্গা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নামে আরেকটি প্রকল্প হাতে নেন। অবশ্য সেই প্রকল্পের এখনো কোনো অগ্রগতি নেই।