পটিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের পটিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে স্থানীয় সাংবাদিকেরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন। গত বৃহস্পতিবার নববর্ষের দিনে থানা মোড় চত্বরে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) ও পটিয়া প্রেসক্লাব এ কর্মসূচি আয়োজন করে।এ সময় বক্তব্য দেন বাসাস পটিয়া শাখার নেতা এস এম এ কে জাহাঙ্গীর, হারুনুর রশিদ ছিদ্দিকী, আবদুর রাজ্জাক, এস কে এম নুর হোসেন, পটিয়া ছাত্র সমিতি চট্টগ্রামের আহ্বায়ক এ জেড এম আহমদ উল্লাহ প্রমুখ।এইচএসসি পরীক্ষা চলাকালে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০০ গজের মধ্যে অবস্থিত মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করে সাউথ এশিয়া ফরেন জোন নামের একটি প্রতিষ্ঠান। এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় ১০ এপ্রিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেলার আয়োজক প্রতিষ্ঠানের মালিক বশিরুর রহমান চৌধুরী ওই মামলা করেন। আমার দেশ-এর এ টি এম প্রহা, জনকণ্ঠ-এর বিকাশ চৌধুরী, যায়যায়দিন-এর ইকবাল হোসেন এবং ইনকিলাব-এর নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন তিনি।