পটিয়ায় সেতু ধসে দুই লক্ষাধিক মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার পাচুরিয়া, কেলিশহর ও ছালেহ আহমদ চৌধুরী সংযোগ সড়কের একটি সেতু ২০ দিন আগে ধসে পড়ে। এতদিন পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটি সংস্কার করেনি। এতে ওই সেতুর ওপর দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে না পেরে দুই লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দোহাজারী কার্যালয় পটিয়ার ধলঘাট ইউনিয়নের চাঁনখালী খালের ওপর চন্দ্রকলা নামের এ সেতুটি নির্মাণ করে। সেতুটির ওপর দিয়ে উপজেলার হাবিলাসদ্বীপ, জঙ্গলখাইন, ধলঘাট ও কেলিশহর ইউনিয়নসহ চার ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ বিভিন্ন যানবাহনে যাতায়াত করত। সেতুটি ধসে পড়ায় এসব এলাকার মানুষ ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুুরে পটিয়া, বোয়ালখালী ও চট্টগ্রাম শহরে যাতায়াত করছে। এখন সেতুটি একদিকে হেলে থাকায় জোয়ারের সময় এর নিচ দিয়ে মালবাহী ট্রলার চলাচল করতে পারছে না। এতে এলাকার কৃষিপণ্য বিভিন্ন স্থানে ট্রলার দিয়ে নেওয়া যাচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, এলাকার নারী, পুুরুষ ও শিশুরা ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে। খালে জোয়ারের কারণে চট্টগ্রাম শহর থেকে আসা অনেক মালবাহী ট্রলার আটকা পড়ে আছে। ২০ দিন আগে লবণবোঝাই ট্রলারের ধাক্কায় সেতুটি ধসে পড়ে বলে এলাকাবাসী মন্তব্য করেছে। ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী বলেন, ছালেহ আহম্মদ চৌধুরী সড়কের চন্দ্রকলার পুলটি ধসে পড়ায় এ সড়ক দিয়ে হুলাইন ছালেহ নুর কলেজ, মুকুটনাইট, হাবিলাসদ্বীপ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত করতে কষ্ট হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পটিয়া উপজেলা প্রকৌশলী আবু তালেব চৌধুরী বলেন, ২০০৫ সালের পর সওজ কর্তৃপক্ষ এ সড়ক এলজিইডির কাছে হস্তান্তর করে। সেতুটি সংস্কারের জন্য ১৫ জুলাই এলজিইডির প্রকল্প পরিচালকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।