পটিয়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক তৌহিদুল আলম (৩৫) ও যাত্রী সুমন পাটোয়ারী (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে পটিয়াগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পটিয়ার গিরিশ চৌধুরী বাজার এলাকায় এলে কক্সবাজারমুখী যাত্রীবাহী এস আলম বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চালকসহ তাঁরা দুজন ঘটনাস্থলে প্রাণ হারান।
গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রী হাজি রফিকুল ইসলামকে (৫০) স্থানীয় লোকজন উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলায়।
চালক তৌহিদুল আলমের বাড়ি চন্দনাইশ উপজেলায় এবং যাত্রী সুমন পাটোয়ারীর বাড়ি যশোর জেলার ইসলামপুর গ্রামে।
পটিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমাস হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।