পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে আটজন। নিহত ব্যক্তিরা হলেন শান্তিরহাট এলাকার ব্যবসায়ী আবদুল মালেক (৬৫), আনোয়ার সওদাগর (৫৫) ও মোহামঞ্চদ নুরু (৪০)। তাঁদের সবার বাড়ি পটিয়ায়। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সবাই চন্দনাইশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আকতারুজ্জামান কায়সার প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগর থেকে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাসে করে ৪০-৫০ জন শিক্ষার্থী চন্দনাইশের ক্যাম্পাসে যাচ্ছিলেন। শান্তিরহাট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে তিনজনকে চাপা দেয়। পরে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, মোহামঞ্চদ নুরু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মালেক ও চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার মারা যান।