পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রথম আলো প্রতিনিধির শিশুকন্যার মৃত্যু
চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী খরনা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাদিয়া খানম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের একমাত্র মেয়ে। ছেলেমেয়েকে নিয়ে রাজ্জাকের স্ত্রী চন্দনাইশের এক আত্মীয়ের বাড়ি থেকে টেম্পোতে করে পটিয়ায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় আহত হন আরও আটজন। পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজান প্রথম আলোকে বলেন, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস খরনা সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে (ব্যক্তিগত গাড়ি) ধাক্কা দেয়। গাড়িটি গিয়ে পড়ে পেছনে থাকা টেম্পোর ওপর। গাড়ির ধাক্কায় টেম্পো সেতুর নিচের খরনা খালে পড়ে যায়। টেম্পোতে সাংবাদিক রাজ্জাকের স্ত্রী, ছেলেসহ আরও ৯-১০ জন যাত্রী ছিলেন। পরে এলাকার লোকজন পানিতে ডুবে যাওয়া টেম্পোর যাত্রীদের উদ্ধার করে। কিছু সময় পানিতে ডুবে থাকায় শিশু সাদিয়ার মৃত্যু হয়। পরে পুলিশের রেকার এসে খালে ডুবে থাকা টেম্পো উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পটিয়া থানার পুলিশ জানায়।