পটিয়ায় হাসপাতালে আসামির মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের হাতে গ্রেপ্তার হওয়া এক আসামি চিকি ৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মো. ইলিয়াস (৬০) নামের ওই আসামি মারা যান।ইলিয়াসকে গত মঙ্গলবার রাতে পটিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত মাতাল অবস্থায় গ্রেপ্তার করেছিলেন। তাঁর বাড়ি পটিয়ার ছনহরা ইউনিয়নের চাটারা গ্রামে। জানা গেছে, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হোসেন মঙ্গলবার পটিয়া সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। তখন বাসস্ট্যান্ড এলাকা থেকে ইলিয়াসকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করেন আদালত। পরে তাঁকে পটিয়া হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর।এম এ সবুর বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।