পটিয়ায় ১৭ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। পটিয়ার ১৬টি ইউপিতে পঞ্চম ধাপে নির্বাচন হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটিয়ার সাবেক সাংসদ গাজী মো. শাহজাহান দলীয় প্রার্থীদের হাতে মনোনয়নপত্র হস্তান্তর করেন। চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় সাবেক সাংসদের বাসভবনে প্রার্থীদের কাছে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমসহ দলের নেতা-কর্মীরা।
দলীয় প্রার্থী হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন কেলিশহর ইউনিয়নে জসিম উদ্দিন, কুসুমপুরায় রেজাউল করিম, খরনায় মফজল আহমদ চৌধুরী, কোলাগাঁওয়ে সামশুল ইসলাম, হাবিলাস দ্বীপে মো. শফিকুল ইসলাম, কচুয়াইয়ে খলিলুর রহমান, কাশিয়াইশে মোহাম্মদ কাইছ, আশিয়ায় মোজাম্মেল হক চৌধুরী, জিরিতে আবুল হোসেন, ধলঘাটে এন আই করিম, দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ নুরুল আকতার, হাইদগাঁওয়ে ইউনুছ মিয়া, জঙ্গলখাইনে আবুল মনছুর, ভাটিখাইনে রিজুয়ানুল হক, ছনহরায় আবদুর রশিদ, বড়লিয়ায় কায়সার উদ্দীন। ষষ্ঠ ধাপে শোভনদণ্ডি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন মোহাম্মদ শামশুল আলম।