পটুয়াখালী-কুয়াকাটা পথে সরাসরি বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সঙ্গে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সরাসরি বাস চলাচল ১০ দিন ধরে বন্ধ রয়েছে। পটুয়াখালী ও বরগুনা জেলার বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে পর্যটকসহ যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।
জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল নিয়ন্ত্রণ করছিল পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি। কিন্তু হঠাৎ করে ১১ ডিসেম্বর থেকে দুই জেলায় সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর পর থেকে পটুয়াখালী মালিক সমিতির বাসগুলো দুই জেলার সীমান্তবর্তী বরগুনা জেলার আমতলীর শাখারিয়া এলাকা পর্যন্ত চলাচল করছে। আর বরগুনা মালিক সমিতির বাসগুলো শাখারিয়া থেকে পটুয়াখালীর কলাপাড়া পর্যন্ত চলাচল করছে। যাত্রীদের কলাপাড়া থেকে ট্রলার বা ফেরিতে পার হয়ে বাস, টেম্পো, ভাড়ার মোটরসাইকেলে করে কুয়াকাটায় যেতে হচ্ছে।
গতকাল রোববার সকালে শাখারিয়া এলাকায় গিয়ে দেখা যায়, দুই জেলার বাসগুলো সড়কের দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। পটুয়াখালী থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা বাস শাখারিয়া পৌঁছে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আবুল কালাম বলেন, ‘সকালে পটুয়াখালী পৌঁছে কুয়াকাটার উদ্দেশে রওয়া দিয়েছি। কিন্তু এখন পথে নামিয়ে দেওয়ায় লাগেজ টানাহেঁচড়া করতে হচ্ছে। তার পরও এক ঘণ্টা পর গাড়ি ছাড়বে।’ এ ধরনের ভোগান্তির কারণে কুয়াকাটার প্রতি মানুষের আগ্রহ কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
কয়েকজন যাত্রী জানান, পটুয়াখালী-কলাপাড়ার একজন যাত্রীর ভাড়া ৮০ টাকা নির্ধারণ করা থাকলেও গুনতে হচ্ছে ৯০ টাকা। অর্থ ও সময় বেড়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।
বরগুনা বাস-মিনিবাস মালিক সমিতির আমতলীতে দায়িত্বে থাকা সদস্য হিমু গাজী বলেন, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে পটুয়াখালী মালিক সমিতির ৩৩টি বাস চলে। এই ৭২ কিলোমিটার সড়কের মধ্যে ৩৮ কিলোমিটার সড়ক তাদের জেলার মধ্যে পড়েছে। এ সড়কে বরগুনার মালিক সমিতির কোনো বাস চলাচল করতে পারছে না। পটুয়াখালী মালিক সমিতি এ সড়কে তাদের (বরগুনা) সমিতির বাস চলাচল করতে দিচ্ছে না। সমন্বয় করে দুই জেলার মালিকদের বাস চলাচলের ব্যবস্থা করলে এ সমস্যা হতো না। কিন্তু পটুয়াখালী মালিক সমিতি তা মানতে চায় না।
পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বরগুনা মালিক সমিতি পটুয়াখালী সমিতিতে অন্তর্ভুক্ত হয়ে এ সড়কে চলাচল করতে চাইছে। এতে আমাদের সমিতির আপত্তি রয়েছে। কারণ, তাদের গাড়িগুলোর মান ভালো না। তবে ভিন্ন কাউন্টার দিয়ে তাদের সমিতির বাস চলাচল করলে আমাদের আপত্তি থাকবে না।’
পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, এর আগেও দুই জেলার বাস মালিক সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করা হয়েছিল। তাঁরা কেউ কাউকে ছাড় দিতে চান না। আবারও দুই পক্ষকে নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।