পটুয়াখালী বিএনপি ত্রিধাবিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে দ্বিধাবিভক্ত বিএনপির পটুয়াখালী জেলা শাখা এখন তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। ৭ সেপ্টেম্বর রাতে বিএনপির দুমকি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার জন্য বিএনপির উপজেলা শাখা জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ রব মিয়াকে দায়ী করে। রব মিয়া আবার এ ঘটনার জন্য বিএনপির জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন চৌধুরীকে দায়ী করলে দলীয় বিরোধ নতুন মাত্রা লাভ করে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ এপ্রিল আলতাফ চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার ওরফে কুট্টিকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়। পরে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় বিএনপির জেলা শাখায় বিভক্তি দেখা দেয়। এ সমস্যা সমাধানের জন্য ২০০৯ সালের ৯ জুন জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রশিদ ওরফে চুন্নু মিয়াকে আহ্বায়ক করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এর পরও বিরোধ মেটেনি। ২০১২ সালের ৫ জানুয়ারি আবার আলতাফ হোসেনকে সভাপতি এবং রব মিয়াকে সাধারণ সম্পাদক করে বিএনপির জেলা কমিটি ঘোষণা করা হয়। পরদিন ওই কমিটি বাতিলের দাবিতে আবদুর রশিদ ও স্নেহাংশু সরকার-সমর্থিত নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ করেন। এর পর থেকে দলীয় সব কর্মসূচি তাঁরা পৃথকভাবে পালন করছেন।
৭ সেপ্টেম্বর রাতে লেবুখালী ফেরিঘাট এলাকায় বিএনপির দুমকি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। হামলার পরদিন উপজেলা শাখা এ ঘটনার জন্য রব মিয়াকে দায়ী করে এবং তাঁকে দল থেকে বহিষ্কার করার দাবি জানায়।
তবে রব মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আলতাফ হোসেনের প্রত্যক্ষ ইন্ধনে কুচক্রিমহল এ ঘটনা ঘটিয়েছে। এ প্রসঙ্গে আলতাফ হোসেন বলেন, ‘আসলে দুমকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ রব মিয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি জানান, তিনি কী বক্তব্য দিয়েছেন তা তিনি (আলতাফ চৌধুরী) জানেন না এবং সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁর কথাও হয়নি। তাই তিনি এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
বিএনপির জেলা শাখার সাবেক আহ্বায়ক আবদুর রশিদ জানান, আলতাফ হোসেনের কারণে এখন দলে ঐক্য নেই। এ অবস্থায় দলকে সুসংগঠিত করতে হলে সবাইকে একত্র করে নতুন করে কমিটি গঠন করতে হবে। এ কাজে কেন্দ্রীয় নেতাদের সহায়তা করা উচিত।