তাবলিগ জামাতের আয়োজনে পটুয়াখালীতে প্রথমবারের মতো ইজতেমার আয়োজন করা হয়েছে। কাল বৃহস্পতিবার সদর উপজেলার খলিশাখালী এলাকার বিমান অবতরণ কেন্দ্রে ইজতেমা শুরু হচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে।
তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন ছাড়াও এ বছর দেশের সাতটি জেলায় ইজতেমার আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে পটুয়াখালীতে ইজতেমা শুরু হবে। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এটি শেষ হবে। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণে গোটা ইজতেমা ময়দান মুখর হয়ে উঠেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে জানা যায়, ২৫০ জন স্বেচ্ছাসেবক ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় শেষ করেছেন। মুসল্লিদের থাকার জন্য শামিয়ানা টানানো হয়েছে। তাঁদের অজু-গোসল ও খাওয়ার জন্য ময়দানের পূর্ব দিকে উত্তর ও দক্ষিণ প্রান্তে বসানো হয়েছে বিশুদ্ধ পানির ট্যাংক। ময়দানের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে অস্থায়ী শৌচাগার। ময়দানের মধ্যে বসানো হয়েছে বয়ানের মিম্বার। প্রতিটি অংশে বয়ান শোনার জন্য লাগানো হয়েছে মাইক। ইজতেমাকালে থাকবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
ইজতেমা ময়দানের জিম্মাদার ও আয়োজক কমিটির মুরব্বি মাওলানা রুহুল আমিন বলেন, সর্বস্তরের মানুষের কাছে দীনের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে এই আয়োজন, যেন সব মানুষ দীনের হককে কবুল করতে পারেন।
অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক বলেন, ইজতেমার নিরাপত্তায় দুজন ম্যাজিস্ট্রেটসহ ২২২ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে পোশাক পরিহিত ১৬২ জন, সাদাপোশাকে ৫৪ জন ও ট্রাফিক পুলিশ থাকবে ১০ জন। পাশাপাশি ফায়ার সার্ভিস, চিকিৎসক দল ও বিদ্যুৎ বিভাগের একটি দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।