পটুয়াখালীতে গড়ে উঠছে গরুর খামার

সামসুল হকের খামারে এবার ৩৫টি গরু রয়েছে। আর কয়েক দিন পরেই কোরবানির ঈদ। এসব গরু বিক্রির জন্য গত শুক্রবার থেকে কোরবানির পশুর হাটে নেওয়া হচ্ছে। সামসুল আশা করছেন, গরু বিক্রি করে তিনি লাভবান হবেন।
সামসুলের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের টাউন বহালগাছিয়া গ্রামে। তিনি সেনাবাহিনীর নায়েক পদে চাকরি করতেন। ১৯৯৯ সালে তিনি অবসরে যান। এর বছর দুয়েক পর থেকে তিনি বাড়িতে খামার করে গরু পালন শুরু করেন।
শুধু সামসুলই নন, তাঁর দেখাদেখি এলাকার সাগর মাহমুদ, মোখলেছুর রহমান ও জসীম সিকদারও গরুর খামার গড়ে তুলেছেন। ঈদের আগে ভারত ও মিয়ানমার থেকে অবাধে গরু আসা বন্ধ হওয়ার খবরে তাঁরা সবাই খুশি।
গত বৃহস্পতিবার সরেজমিনে কথা হয় সামসুলের সঙ্গে। তিনি বলেন, বিভিন্ন হাট থেকে দেশি গরু কিনে এনে খামারে পেলেপুষে তিনি বড় করেছেন। তিনি গরু মোটাতাজাকরণের জন্য ওষুধ প্রয়োগ করেন না। এই অঞ্চলে প্রচুর ঘাস পাওয়া যায়। এ ছাড়া খৈল, ভুসি, কুঁড়া, খুদের জাউ গরুকে খাওয়ানো হয়।
এ বছর গরু কেনা, গরুর খাওয়া ও পরিচর্যা বাবদ ১৭ লাখ টাকা খরচ হয়েছে। তিনজন লোক দিনরাত গরুর পরিচর্যা করছেন। বাজারদর ভালো হলে তাঁর খামারের গরু বিক্রি হবে ২৩ থেকে ২৫ লাখ টাকায়। খামারের গরু বিক্রি করে ইতিমধ্যে তিনি এলাকায় জমি কিনেছেন, বাড়িও করেছেন।
সাগর মাহমুদ বলেন, তিনজন কর্মচারী গরুগুলোর পরিচর্যা করছেন। তাঁর খামারে ২০টি গরু রয়েছে। ঈদুল আজহা সামনে রেখে এলাকার অনেক লোক গরু কিনতে খামারেও আসছেন। ক্রেতার কাছে সবচেয়ে বড় গরুটির দাম চাওয়া হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। এই গরুর সঙ্গে একটি ছাগল বিনা মূল্যে দেওয়া হবে বলে জানান খামারের দায়িত্বে থাকা নেছার উদ্দিন। নেছার বলেন, দেড় বছর আগে বড় গরুটি আনা হয়েছে। দাম পড়েছে ৪০ হাজার টাকা। গরুটির পেছনে প্রতিদিন ৩১০ টাকা খরচ হচ্ছে।
মোখলেছুরের খামারে ২২টি গরু রয়েছে। তিনি বলেন, এ বছর ব্যবসা ভালো হবে। জসীম বলেন, তাঁর খামারের ২৫টি গরুর মধ্যে বেশির ভাগ বিক্রি হয়ে গেছে। আশা করছেন, কোরবানির আগেই সব গরু বিক্রি হয়ে যাবে।
পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ-আল-মামুন বলেন, এখানকার খামারে ক্ষতিকারক কোনো ওষুধ ব্যবহার করা হয় না। এই অঞ্চলে বিপুল দেশি গরু পাওয়া যায়। এ কারণে অনেকেই গরু পালনকে ব্যবসায়িকভাবে নিতে শুরু করেছেন। প্রাণিসম্পদ বিভাগ থেকেও তাঁদের উৎসাহ ও পরামর্শ দেওয়া হচ্ছে।