পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন
পটুয়াখালীতে ছাত্রলীগের নেতা মো. জুয়েল ইসলামের ওপর হামলা চালিয়ে বাম হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জেলা ছাত্রলীগ ওই হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছে।
গত বুধবার রাতে বাসায় ফেরার পথে শহরের ব্যায়ামাগার চত্বরে ওই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত জুয়েলকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল ছাত্রলীগ পটুয়াখালী শহর শাখার যুগ্ম আহ্বায়ক এবং শহরের এ কে এম কলেজের শিক্ষার্থী। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহানুর রহমান অভিযোগ করেন, নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য শিবিরের কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন জুয়েল ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ কারণেই শিবিরের ক্যাডাররা তাঁর ওপর হামলা চালায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।