পটুয়াখালীতে ফেরিঘাট এলাকার বাঁধে ভাঙন

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকার প্রতিরক্ষা বাঁধ ভেঙে পায়রা নদীতে বিলীন হচ্ছে। নদীর প্রবল স্রোতে ৮০০ মিটার বাঁধের মধ্যে ৪০০ মিটার আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে নতুন করে আরও ৩৬২ মিটার বাঁধ ভেঙে গেছে।
এক সপ্তাহ ধরে ভাঙনের তীব্রতা বেড়েছে। এতে আতঙ্কে আছেন স্থানীয় লোকজন। ভাঙন রোধ করা না হলে লেবুখালী ফেরিঘাট নদীগর্ভে বিলীন হয়ে পটুয়াখালী-বরিশাল সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকা ব্যয় করে ব্লক, জিও ব্যাগ ও পার্কোপাইন ফেললেও তা নদীগর্ভে চলে গেছে।
পাউবোর পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-বরিশাল মহাসড়কে দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকায় পায়রা নদীর অব্যাহত ভাঙনের কারণে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প নেয় পাউবো। ১৯৮৪-৮৫ অর্থবছরে পাউবো ফেরিঘাটের পূর্ব দিকে ২০০ মিটার ও পশ্চিম দিকে ৬০০ মিটার অংশ ব্লক দিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে। এতে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা। ২০০৭ সালে সিডর ও ২০০৯ সালে আইলায় ওই বাঁধে ভাঙন দেখা দেয়। পরে বর্ষা মৌসুমে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বাড়ায় স্রোতে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙনের মাত্রা বেড়ে যায়।
পাউবো আরও জানায়, লেবুখালী প্রতিরক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে ২০১১-১২ অর্থবছরে ৮২ লাখ টাকা ব্যয়ে ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। ২০১২-১৩ অর্থবছরে ভাঙন ঠেকাতে ওই বাঁধের ধসে পড়া স্থানে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলা হয়। এতে ব্যয় হয়েছিল ১৯ লাখ টাকা। কিন্তু এতেও ভাঙন ঠেকানো যায়নি।
গত বছরের নভেম্বরে ভাঙন ঠেকাতে ফেরিঘাটের পূর্ব দিকে ৭০ মিটার অংশে জরুরিভিত্তিতে অস্থায়ীভাবে পার্কোপাইন (বাঁশের খাঁচার ভেতরে ইট) নদীতে ফেলা হয়। কিন্তু সেগুলোও স্রোতে ভেসে যায়।
ভাঙনে ক্ষতিগ্রস্ত লেবুখালী গ্রামের আবদুল খালেক অভিযোগ করেন, প্রতিরক্ষা বাঁধ নির্মাণের সময় যেনতেনভাবে ব্লক ফেলা হয়েছিল। ফলে বাঁধের নিচের অংশের ব্লক সরে গিয়ে এভাবে ধস নেমেছে। পরে ব্লক, বালুর বস্তা ও পার্কোপাইন ফেলেও ভাঙন ঠেকানো যায়নি। ভাঙন এখন তাঁদের বসতবাড়ির দিকে এগিয়ে আসছে।
লেবুখালী ফেরিঘাট এলাকার বাসিন্দা আনোয়ার ফরাজী বলেন, বাপ-দাদার ভিটা প্রায় সবই আগেই পায়রা নদীতে বিলীন হয়েছে। শুধু মাথা গোঁজার মতো বাড়িটি আছে। তাও ভাঙনের মুখে পড়েছে।
এদিকে লেবুখালী প্রতিরক্ষা বাঁধে ভাঙনের ফলে ফেরিঘাটটিও ঝুঁকির মুখে পড়েছে। ফেরিঘাট পরিচালনার দায়িত্বে থাকা সড়ক বিভাগের কার্য সহকারী এ বি এম কুদ্দুস বলেন, ভাঙনের ফলে পন্টুনের নিচ থেকে মাটি সরে গিয়ে ফেরিঘাটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বারবার তীরের দিকে টেনে আনতে হচ্ছে পন্টুন।
পাউবো পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। কীভাবে ভাঙন ঠেকানো যায় এ ব্যাপারে জাইকার পক্ষ থেকে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে বলে জানান তিনি।