পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী লাল মিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা ছাত্রীদের প্রশ্নপত্র ও পরীক্ষার খাতা ছিনিয়ে নেয়। এ কারণে পণ্ড হয়ে যায় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা।
স্থানীয় লোকজন জানান, ১৯৮৩ সালে দুই একর ২৩ শতাংশ জমির ওপর স্কুলটি স্থাপিত হয়। কিন্তু স্কুলের জমিদাতা লাল মিয়ার তিন নাতি স্কুলের মাঠের ৬৪ শতাংশ জমির মালিকানা দাবি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, স্কুলের বার্ষিক পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালে গতকাল সকালে লাল মিয়ার নাতি আবদুস ছালাম তাঁর লোকজন নিয়ে স্কুলে হামলা চালান। তাঁরা স্কুলের মাঠে গাছ রোপণ করেন। পরে শ্রেণীকক্ষে ঢুকে তাণ্ডব চালানো হয়।
শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষক ও ছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে। ছাত্রীদের প্রশ্নপত্র, পরীক্ষার খাতা ছিনিয়ে নেয়। লাঠিসোঁটা নিয়ে ভয়ভীতি দেখানো হয় শিক্ষকদের।
এ ঘটনার পর ক্ষুব্ধ ছাত্রীরা তাদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে থানায় যায়। তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য উদ্যোগ নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানায়। বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানায়, পরীক্ষা চলাকালে দা ও লাঠিসোঁটা নিয়ে শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষকদের গালাগাল করেন হামলাকারীরা। তাঁরা পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে ছাত্রীদের স্কুলে না আসার জন্য হুমকি দেন।
প্রধান শিক্ষক মো. জাকির হোসেন জানান, অবৈধভাবে স্কুলের মাঠের জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে আবদুস ছালাম ও তাঁর সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন। শিক্ষকদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। আদালত ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি ওই মামলার তারিখ নির্ধারণ করেছেন। কিন্তু এর আগেই এ সন্ত্রাসী হামলা চালানো হলো।
ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জমাদ্দার বলেন, স্কুলের মাঠের জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার সালিস বৈঠক হয়েছে। কাগজপত্র ঘেঁটে ও মাপজোখের পর দেখা গেছে, স্কুলের মাঠে লাল মিয়ার নাতিদের জায়গা নেই। কিন্তু তাঁরা কোনো সালিস মানেন না।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আবদুস ছালাম বলেন, স্কুলের মাঠের অংশে তাঁর জমি রয়েছে। এ নিয়ে মামলা চলছে। স্কুলে হামলা ও ভয়ভীতির বিষয়টি সত্য নয়।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তিনি স্কুলের ছাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনেছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে যেতে বলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।