পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় জেলা বিএনপি ও উপজেলা আওয়ামী লীগ গতকাল শুক্রবার বিকেলে সভা ডাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ বলেন, গতকাল বিকেল চারটায় জেলা বিএনপির উদ্যোগে বাঁধঘাট এলাকায় কালিকাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই সেখানে অনেক নেতা-কর্মী উপস্থিত হন। কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ মাইকিং করে ১৪৪ ধারা জারি করা হয় এবং তাঁদের নেতা-কর্মীদের ওই স্থান থেকে পুলিশ সরিয়ে দেয়। তিনি এ জন্য উপজেলা আওয়ামী লীগকে দায়ী করে বলেন, নিজেরা না পেরে এখন প্রশাসন দিয়ে তাঁদের দলীয় কার্যক্রম বন্ধ করা হচ্ছে।
তবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, আগে থেকেই ওই এলাকায় তাঁদের কর্মিসভা ডাকা হয়েছিল। কিন্তু বিএনপি সভা ডাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুটি দল একই স্থানে একই সময় সভা আহ্বান কারায় পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন গতকাল বিকেল চারটা থেকে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে।