পটুয়াখালীতে ২০ দলের ৩৬ নেতা-কর্মীর নামে রাষ্ট্রদ্রোহের দুই মামলা
রাষ্ট্রদ্রোহের অভিযোগে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২০-দলীয় জোটের ৩৬ নেতা-কর্মীর নামে দুটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে গত সোমবার রাতে সদর থানায় দায়ের করা মামলা দুটিতে অজ্ঞাত আসামি আরও ১৮ থেকে ২৫ জন।
পটুয়াখালী সদর থানা-পুলিশের ভাষ্যমতে, গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করতে আসামিরা ‘রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত’ হন। তাঁদের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির অভিযোগে গত ৪ জানুয়ারি সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে মন্ত্রণালয় মামলার অনুমোদন দেয়। এ-সংক্রান্ত কাগজপত্র থানায় আসার পর সোমবার রাতে মামলা দুটি নথিভুক্ত করা হয়। দণ্ডবিধির ১২০-খ ধারায় মামলা দুটি করা হয়েছে।
একটি মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়াসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮-১০ জনকে। দ্বিতীয় মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দুটি করা হয়েছে। মামলা দুটিকে “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” বলে দাবি করেছে জেলা বিএনপি। যোগাযোগ করা হলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান (টোটন) বলেন, ‘আসলে নেতা-কর্মীদের হয়রানি করতেই এসব মামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই।’