পটুয়াখালীর ২২ গ্রামে আজ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। সকাল সাড়ে নয়টায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

সকাল থেকে নতুন পোশাক পরে শিশু-কিশোরসহ ওই ২২ গ্রামের পুরুষেরা ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ মাঠে সমবেত হতে থাকেন। ঈদের নামাজে ইমামতি করেছেন দরবার শরিফের ছোট পীরজাদা আলহাজ সাইয়েদ মুহাম্মদ নাসির বিল্লাহ রব্বানী। নামাজ শেষে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত আখন্দ জানান, এ বছরও জেলার সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর ইটবাড়িয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুরতলী, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী এই ২২ গ্রামের পাঁচ হাজারোর বেশি পরিবার আগাম ঈদ উদযাপন করছে।

এসব এলাকার মুসল্লিরা পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফের পীর, চট্টগ্রামের সাতকানিয়ার পীর ও চট্টগ্রামের পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী। এভাবে ১৯২৮ সাল থেকে এসব এলাকায় প্রতিবছর সৌদি আরবের সঙ্গে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।