পটুয়াখালী ও ঝালকাঠিতে আঞ্চলিক ইজতেমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী ও ঝালকাঠিতে তাবলিগ জামাতের আয়োজনে তিন দিনব্যাপী পৃথক আঞ্চলিক ইজতেমা গতকাল শনিবার শেষ হয়েছে। দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হয়।
পটুয়াখালীতে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয় সদর উপজেলার খলিসাখালী এলাকার বিমান অবতরণ কেন্দ্রে। আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল সকাল থেকেই ইজতেমা ময়দানমুখী জনস্রোত শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা মাঠ ছাড়িয়ে পাশের পটুয়াখালী-বরিশাল মহাসড়কের দুই কিলোমিটার পর্যন্ত মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। ইজতেমা মাঠে পৌঁছাতে না পেরে লোকজন সড়কের পাশে লেকের পাড়ে, আশপাশের বাসাবাড়ির সামনে খবরের কাগজ, পলিথিন, মাদুর ও জায়নামাজ বিছিয়ে বসে পড়েন। এ সময় ফাঁকা হয়ে যায় শহরের প্রধান সড়কগুলো।
দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের মুরব্বি (সুরা) মাওলানা মো. ফারুক হোসাইন। প্রায় ২০ মিনিটের মোনাজাতে ব্যক্তিজীবনের গুনাহ মাফের জন্য দোয়ার পাশাপাশি দেশ ও বিশ্বের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আখেরি মোনাজাতে হাজির হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-১ আসনের সাংসদ ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অনেক রাজনীতিক।
ঝালকাঠিতে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয় জেলা স্টেডিয়ামে। গতকাল দুপুরে এখানে আখেরি মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। মোনাজাতে ঝালকাঠির পাশাপাশি আশপাশের জেলাগুলোর অন্তত ২০ হাজার মানুষ অংশ নেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোশারফ হোসেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মোনাজাতে অংশ নেন।
গত বৃহস্পতিবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে পটুয়াখালী ও ঝালকাঠিতে আঞ্চলিক ইজতেমা শুরু হয়।