পটুয়াখালী-কুয়াকাটা বাস চলাচল দুই দিন বন্ধ
পটুয়াখালী-কুয়াকাটা পথে দুই দিন ধরে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বরগুনা ও পটুয়াখালী জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্বে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।
বরগুনা জেলা বাস মালিক সমিতির কয়েকজন নেতা জানান, পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত ৭১ কিলোমিটার সড়কে ৩৮ কিলোমিটার বরগুনার আমতলীর আওতায়। এই পথে দীর্ঘদিন ধরে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির ৪০টি বাস চলাচল করছে। বরগুনা জেলা বাস মালিক সমিতির নেতারা এই পথে তাঁদের ১২টি বাস অন্তর্ভুক্ত করার দাবি জানালে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির নেতারা আপত্তি তোলেন। এ বিষয়ে গত বছরের ডিসেম্বর মাসে দুই জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাস মালিক সমিতির নেতাদের নিয়ে পটুয়াখালী সার্কিট হাউসে বৈঠক করেন। এতে বরগুনার ১২টি বাস এই পথে চলাচলের সিদ্ধান্ত হয়। কিন্তু এক বছরেও সে সিদ্ধান্ত কার্যকর হয়নি।
গত রোববার বরগুনা জেলা মালিক সমিতি আমতলীর শাখারিয়া এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে পটুয়াখালী থেকে কলাপাড়া ও কুয়াকাটাগামী বাস আটকে দেয়। ফলে এই পথে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে বরগুনা মালিক সমিতির বাস শাখারিয়া থেকে কলাপাড়া ও কুয়াকাটা পর্যন্ত চলাচল করছে।