পটুয়াখালী ছাত্রলীগের সাবেক সহসভাপতিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ফিরোজ শাহনেওয়াজ ওরফে শাকিলকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে শহরের পূর্ব আরামবাগ এলাকায় নিজ বাসার সামনের সড়কে তাঁকে হত্যা করা হয়।এ হত্যাকাণ্ডের ঘটনায় পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ও র‌্যাব মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি (২৫) ও সন্দেহভাজন খন্দকার মিজানুর রহমান (৩৫) ও জাহাঙ্গীরকে (৩০) গ্রেপ্তার করেছে। মিজানুর ও জাহাঙ্গীরকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।ফিরোজ শাহনেওয়াজ হত্যার প্রতিবাদে জেলা ছাত্রলীগ গতকাল সোমবার সকালে শহরে বিক্ষোভ মিছিল করে। নিহত ফিরোজ কয়েক দিন আগে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন।মামলার অভিযোগে বলা হয়, ফিরোজের সঙ্গে আসামিদের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে রোববার রাত সাড়ে নয়টায় আসামিরা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার পর শাকিল বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে রাত সাড়ে ১০টার ঘরের বাইরের সড়কে এলে আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। প্রাণ বাঁচাতে ফিরোজ দৌড়ে পালানোর সময় পাশের পুকুরে পড়ে যান। ফিরোজের চিৎকার শুনে তাঁর বাবা-মা ঘরের বাইরে ছুটে আসেন। এ সময় আসামিরা দৌড়ে পালিয়ে যায়। ফিরোজের বাবা-মা এ সময় আসামিদের চিনতে পারেন। পুকুর থেকে ফিরোজকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ বলেন, নিহতের মা ফজিলাতুন নেছা চারজনের নাম উল্লেখ করে আরও পাঁচ-সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত মঙ্গলবার (আজ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।