পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধিবহির্ভূতভাবে শিক্ষক বদলি করার অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান ও পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশের পরিপ্রেক্ষিতে গত ১৫ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী ওই দুই শিক্ষককে বহিষ্কার করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার সামুদাফত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২২ জন শিক্ষার্থী রয়েছে। ওই বিদ্যালয়ে কর্মরত তিন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক সালমা বেগম গত ১০ জানুয়ারি থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এর পর গত ১৫ মার্চ ওই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক মো. আতিককে প্রশাসনিক কারণ দেখিয়ে অন্যত্র বদলি করা হয়। যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। আতিককে বদলি করায় ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের একার পক্ষে বিদ্যালয় পরিচালনা অসম্ভব হয়ে পড়ে। বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে মিজানুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই বদলি প্রক্রিয়ায় জেলা শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ মজুমদার জড়িত থাকায় তাঁকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়।