পটুয়াখালী থেকে প্রতিদিন কয়েক হাজার মণ কাঠ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে দেদার গাছ কেটে ফেলা হচ্ছে। স্থানীয় কাঠ ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে গাছ কিনে তা কেটে ট্রাক ও কাভার্ড ভ্যান বোঝাই করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করছেন।এভাবে কাঠ পাচার হওয়ায় প্রাকৃতিক পরিবেশ যেমন বিপর্যয়ের মুখে পড়েছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবীর হাওলাদার বলেন, এভাবে গাছ উজাড় হলে তাপমাত্রা বেড়ে যাবে; অসময়ে বৃষ্টি-বাদল ও বন্যা দেখা দেবে। বিশেষ করে, ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে যেভাবে গাছ উজাড় হচ্ছে, তাতে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে কাঠবোঝাই অন্তত ৩০টি ট্রাক দেশের বিভিন্ন স্থানে চালান হচ্ছে। এ কাজে জড়িত আছেন স্থানীয় একশ্রেণীর কাঠ ব্যবসায়ী। তাঁরা গাছ সংগ্রহের জন্য গ্রামে গ্রামে দালাল নিয়োগ করে তাঁদের মাধ্যমে সামাজিক বনায়ন ও ব্যক্তিমালিকানার গাছ কিনে তা কেটে প্রথমে বিভিন্ন সড়কের পাশে জড়ো করেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা এসব কাঠ কিনে ট্রাক কিংবা কাভার্ড ভ্যানে করে নিয়ে যাচ্ছেন।স্থানীয় কাঠ ব্যবসায়ীদের ভাষ্যমতে, পটুয়াখালী থেকে প্রতিদিন অন্তত ১২ হাজার মণ কাঠ বিভিন্ন স্থানে চালান হয়ে যাচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার লেবুখালী ফেরিঘাট থেকে কলাপাড়া পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়কসহ বিভিন্ন উপজেলার সড়কের দুই পাশে অপেক্ষাকৃত নির্জন এলাকায় কাঠ এনে স্তূপ করে রাখা হয়েছে।গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বদরপুর এলাকার মহাসড়কের পাশে দেখা গেছে, স্তূপ করে রাখা গাছের খণ্ড একটি ট্রাকে বোঝাই করা হচ্ছে। এ সময় কথা হয় স্থানীয় কাঠ ব্যবসায়ী আবদুল আজিজের সঙ্গে। তিনি জানান, মৌকরন, বদরপুর ও কার্তিতপাশা এলাকায় অন্তত ৫০ জন কাঠ ব্যবসায়ী আছেন। তাঁদের নিয়োগ করা লোকজন গ্রাম থেকে গাছ কিনে কেটে আনেন। পরে ব্যবসায়ীরা সড়কের পাশ থেকে এসব গাছ কিনে নেন। তিনি আরও জানান, এখান থেকে ব্যবসায়ীরা গাছ কিনে ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এসব কাঠ ইটভাটার জ্বালানি এবং পারটেক্স ও দেশলাই কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহূত হচ্ছে।সাতক্ষীরা থেকে কাঠ কিনতে আসা আবুল কালাম বলেন, ‘গাছের ছোট ও চিকন ঢালপালা জ্বালানি হিসেবে বিক্রি করা হয়। এ ছাড়া পারটেক্স, হার্ডবোর্ড ও দেশলাই কারখানায়ও এগুলো বিক্রি করা হয়। এ অঞ্চলে কাঠ তুলনামূলকভাবে কম দামে কিনতে পারেন বলে তাঁর মতো অনেক কাঠ ব্যবসায়ী এখান থেকে কাঠ কেনেন। গাছের দাম ভালো পাচ্ছেন বলে গ্রামাঞ্চলের অনেক গরিব মানুষ তাঁদের গাছ বিক্রি করে দিচ্ছেন।পটুয়াখালী বন বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, বনজ দ্রব্য পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা ২০১১ অনুযায়ী, ব্যক্তিমালিকানার বাগান থেকে গাছ কাটতেও বন বিভাগের অনুমতি লাগে। এ ছাড়া গাছ পরিবহনে বন বিভাগের ছাড়পত্র নেওয়ার কথা থাকলেও এ বিষয়ে তাঁরা অবগত নন বলে কয়েকজন ব্যবসায়ী জানান।উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, গাছ কাটার বিষয় তাঁদের নজরে এসেছে। অবাধে গাছ কাটা বন্ধের উদ্যোগ নিয়েছেন তাঁরা। বনজ দ্রব্য পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা ২০১১ বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।