পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের হজরত ইয়ারউদ্দিন খলিফা ছাত্রাবাসে গত রোববার হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে বহিরাগতদের নিয়ে একটি পক্ষ এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় ছাত্রলীগসমর্থিত তিনজন ছাত্র আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ওই ছাত্রাবাসে ভালোবাসা দিবস উদ্যাপনকালে ছাত্রাবাসে মোস্তাকিন বিল্লাহর সঙ্গে পলিটেকনিক শাখা ছাত্রলীগের আহ্বায়ক লিটন হোসেনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকাল নয়টার দিকে সাত-আটজনের একদল বহিরাগত লাঠিসোঁটা নিয়ে ছাত্রাবাসে ঢুকলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ছাত্রাবাসের নয়টি কক্ষ ভাঙচুর করা হয়। এ সময় বিভিন্ন কক্ষের মালামাল লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। নিজেকে ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সভাপতি দাবি করে মোস্তাকিন বিল্লাহ অভিযোগ করেন, ছাত্রলীগের নামধারী লিটন-লিপু গ্রুপের নেতৃত্বে বহিরাগতরা ছাত্রাবাসে হামলা চালিয়েছে। পলিটেকনিক শাখা ছাত্রলীগের আহ্বায়ক লিটন হোসেন জানান, ছাত্রাবাস শাখা ছাত্রলীগের কোনো কমিটি নেই। মোস্তাকিন শিবিরের সঙ্গে আঁতাত করে বহিরাগতদের ক্যাম্পাসে এনে বিরোধ সৃষ্টি করেছে। সংঘর্ষে তাঁদের পক্ষের আবু হানিফ নামের এক ছাত্র আহত হয়েছেন। তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর শিকদার জানান, লিটন হোসেন ও লিপু হোসেন পলিটেকনিক কলেজ শাখার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। হামলা ও ভাঙচুরের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ কে এম মঞ্জুরুল আহসান জানান, হামলা-ভাঙচুরের সঙ্গে বহিরাগতরা জড়িত। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।