পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ছয়জনের বিরুদ্ধে মামলা
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপকসহ ছয়জনের বিরুদ্ধে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। ঘুষ চাওয়ার অভিযোগে এক গ্রাহক গত রোববার এ মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন কলাপাড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) লিয়াকত আলী খান, কার্যালয় সমন্বয়কারী হাবিবুর রহমান, বিল প্রস্তুতকারী সবিরাতুল মমতা, বিল ক্লার্ক মো. মন্নান মিয়া, রিডিং ক্লার্ক মো. রফিকুল ইসলাম ও লাইনম্যান মো. মারুফ।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আনিছুর রহমান মামলাটি বিচার বিভাগীয় তদন্ত করার জন্য ২৩ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন। মামলার আরজি থেকে জানা গেছে, বাদী মো. জাকির হোসেন কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা আবদুল করিম হাওলাদার তাঁদের দোকানঘরের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করে আসছেন। সর্বশেষ ডিসেম্বর মাসেও তিনি ৭০ ইউনিটের বিপরীতে ৭৬৮ টাকা বিল দেন। অথচ জানুয়ারি মাসে ৯১৫ ইউনিট দেখিয়ে ৯ হাজার ৪৬৩ টাকা বিলের কাগজ দেওয়া হয়েছে।
এ জন্য আবদুল করিম ডিজিএমের কাছে বিল যাচাই করার দরখাস্ত করেন। এরপর ৪ ফেব্রুয়ারি কার্যালয়ের কর্মচারী হাবিবুর, মন্নান ও রফিকুল তাঁর বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় আসামিরা মিটারের রিডিং ঘুরিয়ে দেন।