পটুয়াখালী, পাথরঘাটায় দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে ঝগড়ার সময় প্রতিপক্ষের এক ব্যক্তির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ এ ছাড়া পটুয়াখালীতে অজ্ঞাতনামা এক তরুণ এবং বরগুনার পাথরঘাটায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে৷ প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নির্মাণাধীন একটি ভবনের ব্যবস্থাপকের ধাক্কায় চন্দনা সরকার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে পৌর এলাকার তুলাসার মহল্লায় ঘটনাটি ঘটেছে।
নিহত চন্দনার পরিবার ও শরীয়তপুর সদর থানা সূত্র জানায়, তুলাসার এলাকায় একটি ভবন নির্মাণ করছেন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী নূর হোসেন খান। ভবনের নির্মাণকাজ তদারকির জন্য শহরের শান্তিনগর মহল্লার গিয়াস উদ্দিন বন্দুকছিকে নিয়োগ করা হয়। গতকাল সকালে নির্মাণাধীন ভবনের পয়োনিষ্কাশন লাইনের কাজ করার সময় গিয়াস উদ্দিনের সঙ্গে পাশের বাড়ির নিখিল সরকারের পরিবারের সদস্যদের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন নিখিল সরকারের স্ত্রী চন্দনা সরকারকে ধাক্কা দেন৷ চন্দনা সরকার ছিটকে পড়ে পাশের দেয়ালে আঘাত পান৷ স্বজনেরা তাঁকে সদর হাসপাতালে নেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ১০টার দিকে তিনি মারা যান৷
গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ছেলে প্রকাশ বন্দুকছি বলেন, ‘চন্দনা সরকার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমার বাবা তাঁকে ধাক্কা দেননি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে৷
পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার বল্লভপুর এলাকার খাল থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই তরুণের বয়স আনুমানিক ৩২ বছর৷ পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শহরের পৌর পানি সরবরাহ শাখাসংলগ্ন শিশু টিকাদান কেন্দ্রের পাশের পরিত্যক্ত ঝোপ থেকে গতকাল দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লাশের মাথায় ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে৷