পটুয়াখালী পাসপোর্ট অফিসে জালিয়াতির তদন্ত শুরু
পটুয়াখালীর পাসপোর্ট অফি-সের ব্যাপক জাল-জালিয়াতির তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন। উদ্ধার করা হয়েছে আরও ২৮৮টি জাল ও গলাকাটা পাসপোর্ট। জব্দ করা হয়েছে ২৪৬টি বিভিন্ন জেলার আবেদনপত্র। এ নিয়ে এই পাসপোর্ট অফিস থেকে মোট ৩৫৬টি জাল ও গলাকাটা পাসপোর্ট এবং ৩৪৪টি বিভিন্ন জেলার আবেদনপত্র জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার পটুয়াখালী র্যাব-৮-এর সদস্যরা জেলা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৬৮টি জাল পাসপোর্ট, ৯৮টি পাসপোর্ট তৈরির আবেদন ফরমসহ জালিয়াত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার দুপুর দুইটায় পটুয়াখালী পাসপোর্ট অফিসে র্যাবের গোয়েন্দা দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জালিয়াত চক্রের চার সদস্য বাবুল গাজী (৩৫), মো. রফিক (৪৮), পার্থ সারথি দাস (৩০) ও মন্টু কর্মকারকে। তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জাল-জালিয়াতির তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।