পটুয়াখালী-বরিশাল সড়কপথে সরাসরি বাস চলাচল আড়াই মাস ধরে বন্ধ। দুই জেলার মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে; ভাড়াও গুনতে হচ্ছে বেশি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ১২ এপ্রিল দুই জেলায় সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর পর থেকে পটুয়াখালীর বাসগুলো দুই জেলার সীমান্তবর্তী পায়রা নদীর দক্ষিণ পাড়ে লেবুখালী ফেরিঘাট পর্যন্ত চলাচল করছে। আর বরিশালের বাসগুলো নদীর উত্তর পাড়ে দুধালমৌ এলাকা পর্যন্ত চলাচল করছে। এ কারণে যাত্রীদের বাস থেকে নেমে ঝুঁকি নিয়ে ট্রলারযোগে নদী পার হয়ে আরেক বাসে করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী ইউনিটের সাবেক কমান্ডার রবীন্দ্রনাথ হালদার বলেন, পটুয়াখালী-বরিশাল সড়কপথে দূরত্ব ৩৮ কিলোমিটার। বাসভাড়া ৫০ টাকা। কিন্তু সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন এক বাস থেকে নেমে নদী পার হয়ে অন্য বাসে করে গন্তব্যে যেতে সব মিলিয়ে ৬৫ টাকা ভাড়া লাগছে। আর সময় লাগছে দেড় ঘণ্টার স্থলে প্রায় তিন ঘণ্টার মতো। চলতি বর্ষা মৌসুমে যাত্রীদের ভোগান্তিও বেশি। কারণ জোয়ারের পানিতে ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যায়। বরিশাল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান গত ২৩ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগে বলেন, পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির লোকজন তাদের বাস টার্মিনালের টিকিট কাউন্টারে গাড়িপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা চাঁদা আদায় এবং কৌশলে বাসগুলো থেকে জোরপূর্বক জরিমানা আদায় করত। প্রতিবাদ করলে গাড়ির কর্মচারীদের মারধর এবং গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করত। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তবে অভিযোগ অস্বীকার করে পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা বলেন, পটুয়াখালী-বরিশাল সড়কের দূরত্ব অনুযায়ী সমন্বয় করে গাড়ি চলাচল করা উচিত। কিন্তু বরিশাল বাস-মিনিবাস মালিক সমিতি তা মানছে না। তিনি বলেন, পটুয়াখালী-বরিশাল সড়কে তাদের গাড়ি ট্রিপ পায় ১১টি। আর বরিশাল সমিতির গাড়ি ট্রিপ পায় ৩৬টি। সড়কের দূরত্ব অনুযায়ী সমন্বয় করে যে যতগুলো ট্রিপ পেতে পারে, তা দেওয়া উচিত। পটুয়াখালীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অমল কৃষ্ণ মণ্ডল বলেন, আসলে বাস মালিক সমিতিগুলোর জনগণের দুর্ভোগ নিয়ে কোনো চিন্তা নেই। তারা শুধু নিজেদের লাভের চিন্তাই করছে। গত রোববার বরিশাল জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করে তা সুরাহা করার অনুরোধ জানানো হয়েছে।