পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে দশ বছর পূর্তি উৎসব উদ্যাপন
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দশ বছর পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। সকাল ১০টায় উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন পায়রা অবমুক্ত করে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ডিন কাউন্সিলের আহ্বায়ক আলী আজগর ভূঁইয়া, ছাত্রবিষয়ক উপদেষ্টা রবিউল হক, বিএএম অনুষদের কোর্স সমন্বয়কারী বদিউজ্জামান ও রিজেন্ট বোর্ড সদস্য হারুন অর রশীদ হাওলাদার উপস্থিত ছিলেন। পরে এখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে রেজিস্ট্রার আ ক ম মোস্তফা জামানের সঞ্চালনায় আলোচনা সভা হয়। বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়। সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।