পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্যাম্পাসকে অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে কর্তৃপক্ষ ক্যাম্পাস সাজানোর এ উদ্যোগ নিয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ করা হয়েছে সমাবর্তন প্যাভিলিয়ন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং ১০ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, সমাবর্তনে বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত থাকবেন। মো. মাহফুজুর রহমান আরও জানান, সমাবর্তনে ৫১৫ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ দেওয়া হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত অতিথি ও সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদ মিনারসংলগ্ন উত্তর গেট দিয়ে সমাবর্তনের প্যাভিলিয়নে ঢুকবেন। সকাল নয়টায় গেট খোলা হবে।