পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিল অবস্থান ধর্মঘট
আবাসন-সংকট নিরসনসহ সাত দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) প্রোগ্রামের শিক্ষার্থীরা গতকাল বুধবার একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেছেন। দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী ছাত্রাবাসের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেছেন ও রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ও আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত রোববার বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থীরা এমবিএ প্রোগ্রাম চালু, ইন্টার্নশিপ (শিক্ষানবিশ) ফি কমানো, মাসিক বৃত্তি প্রদানসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি পেশ করেন। কর্তৃপক্ষ সব দাবি মেনে না নেওয়ায় গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীরা মানববন্ধন ও মিছিল করেন। গতকাল একাডেমিক ভবনের সামনে সকাল ১০টা থেকে অবস্থান ধর্মঘট করেন তাঁরা।