পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রদের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আঞ্চলিকতার দ্বন্দ্বের জের ধরে গতকাল রোববার সকালে বরিশাল অঞ্চলের ছাত্রদের সঙ্গে পটুয়াখালী অঞ্চলের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।
দুমকি থানার পুলিশের পাশাপাশি দাঙ্গা পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনার পর বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভা করে ঘটনায় জড়িত ছাত্রদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সামান্তকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ডাইনিং রুমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কৃষি অনুষদের তৃতীয় সেমিস্টারের ছাত্র মাজেদকে বরিশাল অঞ্চলের কয়েকজন ছাত্র বেধড়ক পেটান। মাজেদের বাড়ি পটুয়াখালীতে। তাঁকে মারধরের খবর পেয়ে পটুয়াখালী অঞ্চলের ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলের ফটকে বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা, ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দাঙ্গা পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রাসেল ছিদ্দিক, আদনান, শহিদুল ইসলাম, শুভ, অনির্বাণ, মামুন, তিশাম ও গনি। আহত অন্যরা ক্যাম্পাসের বাইরে চিকিৎসা নিয়েছেন।
এদিকে সংঘর্ষের পর বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভায় বসে। সভায় প্রক্টর মোহাম্মদ আলী, ছাত্র উপদেষ্টা রবিউল হক, রেজিস্ট্রার নওয়াব আলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজিস্ট্রার নওয়াব আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটি তদন্ত করে দোষী ছাত্রদের চিহ্নিত করে প্রতিবেদন দেবে এবং সে অনুযায়ী কর্তৃপক্ষ দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।