পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম সেমিস্টারের ১৪০ শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ না নেওয়ায় তাঁদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিধি অনুযায়ী তাঁদের ভর্তি ও সেমিস্টার বাতিলের সম্ভাবনা থাকায় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা সূত্রে জানা গেছে, গত ১৩ ও ১৪ মে বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন। এর মধ্যে ১৯ মে কৃষি অনুষদের প্রথম সেমিস্টারের সমাপনী পরীক্ষা শুরু হয়। আন্দোলনের সিদ্ধান্ত অনুযায়ী এ পরীক্ষায় ওই সেমিস্টারের ১৪০ জন শিক্ষার্থী অংশ নেননি। আজ রোববার ১৩ জুন ওই সেমিস্টারের আটটি বিষয়ের পরীক্ষা শেষ হচ্ছে। এ অবস্থায় পরীক্ষা বর্জন করায় ৬ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ক ম মোস্তফা জামান স্বাক্ষরিত এক আদেশে প্রথম সেমিস্টারের পরীক্ষা বর্জন করা শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে এ আদেশে উল্লেখ করা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তবে তাঁর জন্য বিশেষ অনুমতি দেওয়া হবে। পরীক্ষা বর্জনের অপরাধে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিধির ১৮.৩ এবং ২১.১ ধারা অনুযায়ী ভর্তি ও সেমিস্টার বাতিলের সম্ভাবনা থাকায় শিক্ষার্থীরা চিন্তিত হয়ে পড়েছেন। ১৮.৩ ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো ছাত্র-ছাত্রী তার ৫০ শতাংশ কোর্সে ফেল (এফ গ্রেড) করে তবে সে ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার পর আর ভর্তির সুযোগ পাবে না। ২১.১ ধারায় উল্লেখ করা হয়েছে, একক এবং দলগতভাবে হোক যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা বর্জন এবং পরীক্ষার হল ত্যাগ করে তবে তাকে বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় নেয়া হবে। এই কমিটি অপরাধের মাত্রা অনুযায়ী একজন বা একাধিক শিক্ষার্থীর সেমিস্টার বাতিল এবং ভর্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। পরীক্ষা বর্জন করা শিক্ষার্থীরা দাবি করেন, যেসব পরীক্ষায় তাঁরা অংশ নেননি সেসব পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করতে হবে। উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সব ডিনকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি তাঁদের প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে পাঠাবে। এরপর একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ডে গিয়ে ওদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।