পটুয়াখালী শহরের সড়কগুলো খানাখন্দে ভরা
পটুয়াখালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এতে যানবাহনসহ মানুষের পথ চলা কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির কারণে সড়কের কার্পেটিং ধুয়ে যাচ্ছে। এ অবস্থায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কগুলো, ভোগান্তি বাড়ছে পৌরবাসীর। পৌরসভার প্রধান ব্যস্ততম সদর সড়ক চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। লঞ্চঘাট থেকে ফটিকের খেয়াঘাট পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত। এ ছাড়া পোস্ট অফিস সড়ক, আদালতপাড়া এলাকার সড়ক, জুবিলী স্কুল সড়ক, লতিফ স্কুল সড়ক, সবুজবাগ এলাকার সড়ক, শিমুলবাগ, পুরান বাজার, সরকারি কলেজ রোড, কালীবাড়ি এলাকার সড়ক, ব্যায়ামাগার সড়ক, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, স্বনির্ভর সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর বর্তমানে বেহাল দশা। পটুয়াখালী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুর রহমান বলেন, আসলে বর্ষা মৌসুমে বিটুমিনের কার্পেটিং করা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয় বেশি। পানিতে সড়কের কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়। এতে সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যেও। তাই ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। পৌরসভার মেয়র শফিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে জোয়ারের পানি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আবার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। এই অবস্থায় পানি জমে বিটুমিনের কার্পেটিং করা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।